সীমান্ত বিল পাশ করায় মোদি সরকারকে ধন্যবাদ জানিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া বলেন, এটি অন্য কারোর কৃতিত্ব নয় বরং বাংলাদেশের যা প্রাপ্য তাই দেয়া হয়েছে। শনিবার সন্ধ্যায় গুলশানে নিজ কার্যালয়ে অয়োজিত মতবিনিময় সভায় তিনি এ কথা বলেন।
প্রতিবেশিদের সঙ্গে সুসম্পর্ক রাখার বাস্তবতা থেকেই মোদি সরকার এ বিল পাশ করেছে বলেও জানান বিএনপি চেয়ারপারসন।
র্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়নের (র্যাব) সমালোচনা করে খালেদা জিয়া বলেন, নিখোঁজ বিএনপি নেতা সালাহউদ্দীন আহমেদকে ফেরত না দিলে পরিণাম ভাল হবে না।
তিনি বলেন, সরকার জনবিচ্ছিন্ন বলেই সিটি নির্বাচনে সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে ভোট চুরির মাধ্যমে জয়লাভ করেছে।
এ সময় শিগগিরই বিএনপির কাউন্সিল হবে জানিয়ে নেতাকর্মীদের প্রস্তুতি নিতে বলেন বিএনপি নেত্রী।
এর আগে বাংলাদেশ জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম ও ঢাকা ট্যাক্সেস বার অ্যাসোসিয়েশনের নির্বাচনে জাতীয়তাবাদী ঐক্য প্যানেলের নির্বাচিত প্রতিনিধিদের সঙ্গে মতবিনিময় করেন বিএনপি চেয়ারপারসন।