ভারতের মেঘালয় রাজ্যের শিলংয়ের অবস্থানরত বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে চিকিৎসা শেষে নেগ্রিমস হাসপাতাল থেকে ছেড়ে দিয়েছেন চিকিৎসকরা।
মঙ্গলবার ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস এ তথ্য নিশ্চিত করেছেন।
সালাহ উদ্দিন এখন শিলং পুলিশের হেফাজতে রয়েছেন—বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানিয়েছেন শিলং পুলিশ।
কিডনি ও হার্টের উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ২০মে শিলং সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে মঙ্গলবার চিকিৎকরা তাকে ছাড়পত্র দেন। টেলিফোনে দেশ টিভিকে এ বিষয়টি নিশ্চিত করেন মানস দাস।
ভারতের ফরেনার্স অ্যাক্টে সালাহ উদ্দিনের নামে মামলা থাকায় স্থানীয় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। শিলং ইস্ট খাসি হিলস থানার পুলিশ সুপার এম খারক্রাং-ও টেলিফোনে জানিয়েছেন, বুধবার সালাহ উদ্দিনকে আদালতে তোলা হবে।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহ উদ্দিন আহমেদকে আইনের আওতায় আনা হবে।
উল্লেখ গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আর এ মাসের ১২ মে থাকে ভারতের মেঘালয় থেকে তাকে উদ্ধার করা হয়।