ভারতের মেঘালয় রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার বিএনপি নেতা সালাহ উদ্দিন আহমেদকে শিলং চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে বুধবার হাজির করার পর ১৪ দিনের জেলহাজতে পাঠিয়েছে।
স্থানীয় সময় বিকাল পৌনে ৩টায় সালাহউদ্দিনকে আদালতে তোলা হয়। শুনানি শেষে বিচারক এ আদেশ দিয়েছেন।
এর আগে গতকাল সালাহ উদ্দিন আহমেদকে চিকিৎসা শেষে নেগ্রিমস হাসপাতাল থেকে ছেড়ে দেন চিকিৎসকরা।
মঙ্গলবারই তাকে থানায় নেয়া হয়— ভারতের টাইমস অব ইন্ডিয়ার সাংবাদিক মানস দাস এ তথ্য নিশ্চিত করেন।
ওইদিন সন্ধ্যার পর থেকে তাকে কয়েকদফা জিজ্ঞাসাবাদ করেছেন সিটি পুলিশের ৪ জন কর্মকর্তা।
পুলিশ সূত্র জানিয়েছে, তাদের বিশ্বাস সালাহউদ্দিন ভারতে অনুপ্রবেশ করেছেন। কেননা, গোটা শিলং জুড়ে সিসিটিভি ক্যামেরা রয়েছে। ফলে কাউকে অপহরণ করে চোখ বাধা অবস্থায় শিলংয়ে ফেলে গেলে তা ধরা পড়ার কথা কিন্তু তেমন কোনো প্রমাণ পায়নি পুলিশ।
যদিও এই বিএনপি নেতার দাবি, তাকে হাত পা বেঁধে শিলং গলফ মাঠে ফেলে রেখে যায় অপহরণকারীরা।
এদিকে, সালাহউদ্দিন স্বেচ্ছায় ভারতে অনুপ্রবেশ করেছেন- এমনটাই প্রাথমিকভাবে আদালতে পুলিশ উত্থাপন করবে বলে জানা গেছে। এর আগে সালাহউদ্দিনের বিরুদ্ধে ফরেনার্স অ্যাক্টসে ভারতে অবৈধ অনুপ্রবেশের মামলা করা হয়।
সালাহ উদ্দিন এখন শিলং পুলিশের হেফাজতে রয়েছেন—বুধবার তাকে আদালতে তোলা হবে বলে জানান শিলং পুলিশ।
কিডনি ও হার্টের উন্নত চিকিৎসার জন্য বিএনপির যুগ্ম মহাসচিব সালাহ উদ্দিন আহমেদকে ২০মে শিলং সিভিল হাসপাতাল থেকে নেগ্রিমস হাসপাতালে স্থানান্তর করা হয়। প্রায় এক সপ্তাহ চিকিৎসা শেষে মঙ্গলবার চিকিৎকরা তাকে ছাড়পত্র দেন। টেলিফোনে দেশ টিভিকে এ বিষয়টি নিশ্চিত করেন মানস দাস।
ভারতের ফরেনার্স অ্যাক্টে সালাহ উদ্দিনের নামে মামলা থাকায় স্থানীয় পুলিশ তাকে নিজেদের হেফাজতে নিয়েছে। শিলং ইস্ট খাসি হিলস থানার পুলিশ সুপার এম খারক্রাং-ও টেলিফোনে জানিয়েছেন, বুধবার সালাহ উদ্দিনকে আদালতে তোলা হবে।
এদিকে, আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের সঙ্গে আলাপকালে বলেন, অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের দায়ে সালাহ উদ্দিন আহমেদকে আইনের আওতায় আনা হবে।
গত ১২ মে ভারতের ওই রাজ্যের রাজধানী শিলংয়ে গ্রেপ্তার হওয়ার পর অন্য দুটি হাসপাতাল ঘুরে নর্থ ইস্টার্ন ইন্দিরা গান্ধী রিজওনাল ইনস্টিটিউট অফ হেলথ অ্যান্ড মেডিকেল সায়েন্সেসে (এনইআইজিআরআইএইচএমএস) চিকিৎসা নিচ্ছিলেন সালাহ উদ্দিন।
মঙ্গলবার হাসপাতাল থেকে ছাড়ার পর বিএনপির এই যুগ্ম মহাসচিবকে শিলং সদর থানায় নেয় পুলিশ।
এনইআইজিআরআইএইচএমএসের চিকিৎসকরা জানান, সালাহ উদ্দিন আহমেদের শারীরিক অবস্থা স্থিতিশীল। তবে কিডনিতে পাথর থাকায় তিনি অনেক ব্যথা অনুভব করছেন।
কিডনির পাথর অপসারণে মঙ্গলবার সালাহ উদ্দিনের অস্ত্রোপচার করার কথা থাকলেও তার স্ত্রী হাসিনা আহমেদ তাতে আপত্তি জানান বলে হাসপাতালের একটি সূত্র জানিয়েছে।
এ পরিস্থিতিতে সালাহ উদ্দিন আহমেদের চিকিৎসায় গঠিত মেডিকেল বোর্ড তাকে দেখে সন্ধ্যায় হাসপাতাল থেকে ছেড়ে দেন।
উল্লেখ গত ১০ মার্চ রাজধানীর উত্তরার একটি বাসা থেকে গোয়েন্দা পরিচয়ে তুলে নিয়ে যায় পরিবারের পক্ষ থেকে অভিযোগ করা হয়। আর এ মাসের ১২ মে ভারতের মেঘালয় থেকে তাকে উদ্ধার করা হয়।