আওয়ামী লীগের ঐতিহ্যবাহী সংগঠন ছাত্রলীগকে কেউ কখনো কলঙ্কিত করতে পারেনি—এ দাবি করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
বৃহস্পতিবার রাজধানীতে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে তিনি এ কথা বলেন।
সুবিধাভোগী কেউ যেন ছাত্রলীগে অনুপ্রবেশ করে সংগঠনের সুনাম ক্ষুণ্ণ করতে না পারে সেই দিকে খেয়াল রাখতে দলের নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান তিনি।
আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ছাত্রলীগের সাবেক সভাপতি তোফায়েল আহমেদ দেশের উন্নয়নে সরকারের নেয়া বিভিন্ন পরিকল্পনা বাস্তবায়নে ছাত্রলীগকে অগ্রণী ভূমিকা পালনের আহ্বান জানান।
ছাত্রলীগে অনুপ্রবেশকারীদের বিরুদ্ধে সচেতন থাকতে এসময় তাদের সতর্কও করেন তিনি।
এছাড়া শুক্রবার সোহরাওয়ার্দি উদ্যানে জাতীয় নাগরিক কমিটির উদ্যোগে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সংবর্ধনা অনুষ্ঠানে সবাইকে উপস্থিত থাকার কথা বলেন তিনি।
একই সংগে ২০২০ সালে বঙ্গবন্ধুর শততম জন্মবার্ষিকী উদযাপন করতে এখন থেকেই ছাত্রলীগ নেতা-কর্মীদের প্রস্তুতি নিতে বলেন তিনি।
দুপুরে রাজধানীর বিভিন্ন এলাকা থেকে ঢাকা মহানগর উত্তর ছাত্রলীগের সম্মেলনে কলাবাগান মাঠে ব্যানার ফেস্টুন নিয়ে যোগ দেন নেতাকর্মীরা।