ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে বৈঠক করেছেন বিরোধীদলীয় নেত্রী রওশন এরশাদ।
বৈঠকে নরেন্দ্র মোদির কাছে তিস্তা সমস্যার সমাধান চেয়েছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা রওশন এরশাদ।
রোববার রাজধানীর হোটেল সোনারগাঁওয়ে বেলা ৩টা ১০ মিনিট থেকে ৩৫ মিনিট পর্যন্ত মোট ২৫ মিনিট এই বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা জানান রওশন এরশাদ।
তিস্তা নিয়ে ধৈর্য্য ধরার পরামর্শ দিয়ে মোদি রওশনকে জানিয়েছেন, 'যে যে সমস্যা আছে দুই দেশ একসাথে বসলেই সেসব সমস্যার সমাধান হয়ে যাবে।'
রওশন বলেন, 'তিনি (মোদি) আশ্বাস দিয়েছেন এটা (তিস্তা চুক্তি) হবে।'
বিরোধীদলীয় নেত্রী আরও জানান, 'সীমান্ত চুক্তির জন্য আমি মোদিকে ধন্যবাদ জানিয়েছি।'
রওশন এরশাদের সঙ্গে বৈঠকে যারা ছিলেন- জাতীয় পার্টির সাবেক মহাসচিব এবিএম রুহুল আমিন হাওলাদার এমপি, বিরোধীদলীয় চিফ হুইপ প্রেসিডিয়াম সদস্য মো. তাজুল ইসলাম চৌধুরী এমপি, প্রেসিডিয়াম সদস্য ফখরুল ইমাম এমপি, প্রেসিডিয়াম সদস্য কাজী ফিরোজ রশীদ এমপি, সেলিম উদ্দিন এমপি।