জনসমর্থিত গণতান্ত্রিক সরকার না হওয়ায় ভারতের সঙ্গে সমতার ভিত্তিতে চুক্তি সম্পাদন করা যায়নি বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসনের পরামর্শক অধ্যাপক ড. এমাজউদ্দিন আহমেদ।
বুধবার জাতীয় প্রেসক্লাবে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বাংলাদেশ সফর নিয়ে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
তিনি বলেন, ভারতের সঙ্গে স্বাক্ষরিত চুক্তির ক্ষেত্রে সরকার বলিষ্ঠ ভুমিকা রাখতে পারেনি।
তিস্তার পানির সুরাহা না হওয়াকে অপ্রত্যাশিত— উল্লেখ করে ড. এমাজউদ্দিন বলেন, দেশের স্বার্থে পাওনা আদায় এবং দেন-দরবারের জন্য সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক পরিবেশ দরকার। দুই দেশের মধ্যকার চুক্তিতে ভারতের লাভের অংশ বেশি হলে তার দায় মোদির নয় বরং বাংলাদেশ সরকারের ওপরই বর্তায়।
এ সময় দেশের স্বার্থ রক্ষায় সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে নির্বাচিত সরকারের বিকল্প নেই বলেও মত দেন ড. এমাজউদ্দিন আহমেদ।