অর্থ ও ক্ষমতার লোভে সরকার দেশের গণতন্ত্রকে ভূলুণ্ঠিত করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবের কনফারেন্স লাউঞ্জে স্বাধীনতা ফোরাম আয়োজিত জিয়াউর রহমানের ৩৪তম শাহাদৎ বাষির্কী উপলেক্ষ ‘শহীদ জিয়া রাজনীতি এবং আজকের বাংলাদেশ’ শীর্ষক আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
সরকারকে পুতুল সরকার আখ্যায়িত করে মঈন খান বলেন, ক্ষমতায় টিকে থাকতে তারা দেশে স্বার্থ বিকিয়ে দিচ্ছে।
মঈন খান বলেন, গণতন্ত্র বকেয়া রেখে সরকার মুখে দেশ উন্নয়নের বলি ছুঁড়ছে, দেশে উন্নয়নের মূলধারা গণতন্ত্র। এটা বাদ দিয়ে দেশের সাধারণ মানুষের উন্নতি সম্ভব নয়।
সরকারের দমন-পীড়নের বিরুদ্ধে অস্ত্র নিয়ে মাঠে নামা সম্ভব নয় বলেই আন্দোলন সফল হয়নি বলেও জানান বিএনপির এ নেতা।
মঈন খান আরো বলেন, প্রধানমন্ত্রী কথায় কথায় নিজেদের স্বাধীনতার পক্ষের শক্তি দাবি করে, কিন্তু স্বাধীনতার অবদান আলোচনা করলেই বোঝা যাবে, তাদের অবদান কত, স্বাধীনতার মুলনায়ক জিয়াউর রহমানের অবদান কত?
এদিকে, প্রেসক্লাব মিলনায়তনে অপর এক সভায় বাংলাদেশ ইসলামিক পার্টির উদ্যোগে আয়োজিত সাবেক চেয়ারম্যান মরহুম অ্যাডভোকেট আবদুল মোবিন এর স্মরণে শোক সভা ও দোয়া মাহফিলে বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান বলেন, গুম-খুন আর মামলা দিয়ে সরকার বিএনপিকে দমনের চেষ্টা চালাচ্ছে।
বিএনপির এ নেতা বলেন, গণতান্ত্রীক দল হিসেবে সরকারের আঘাতের পাল্টা জবাবে আমরা অস্ত্র হাতে নিতে পারি না, বুলেটের মাধ্যমে তার জবাব দিতে পারি না। তবে সভা-সমাবেশ করে, আন্দোলন করে, ব্যালটের মাধ্যমে তার জবাব দিতে পারি।
সরকারে ভীত শক্ত না থাকার কারনেই ভারতের সঙ্গে তিস্তা চুক্তি করা সম্ভব হয়নি বলেও মন্তব্য করেন আব্দুল্লাহ আল নোমান।
এছাড়াও জাতীয় প্রেসক্লাবে আরেক অনুষ্ঠানে দলের স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ, ভারতের সঙ্গে সম্পাদিত ২২টি চুক্তি ও সমঝোতা স্মারকের বিস্তারিত জনগণের সামনে তুলে ধরার দাবি জানান।