দলীয় কার্যালয়ে বহিরাগতদের হামলার শিকার হয়েছেন বিএনপির একজন কেন্দ্রীয় নেতা—দলটির পক্ষ থেকে দাবি করা হয়েছে সরকারের মদদপুষ্ট বহিরাগত সন্ত্রাসীরাই এ হামলা চালিয়েছে।
বিএনপির সহ সাগঠনিক সম্পাদক ও যুবদলের সিনিয়র সহ-সভাপতি আব্দুস সালাম আজাদের ওপর দুপুরে এ হামলার ঘটনা ঘটে। সালাম মাথায় আঘাত পেয়েছেন এবং তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
এ ঘটনার আগে এক সংবাদ সম্মেলনে অভিযোগ করা হয়, সরকারের ব্যর্থতার কারণে আইন-শৃঙ্খলা পরিস্থিতির অবনতি হয়েছে।
রোববার দুপুরে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলন করেন দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন।
তিনি অভিযোগ করেন, সরকার আইন-শৃঙ্খলা রক্ষায় ব্যর্থ হওয়ায় দেশে নৈরাজ্যকর পরিস্থিতি চলছে।
দলের এ মুখপাত্র আরো বলেন, ৫ জানুয়ারির অবৈধ নির্বাচনই সকল ধ্বংসাত্মক ও সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণ।
ওই সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিএনপির সহ সাগঠনিক সম্পাদক এবং যুবদলের সিনিয়র সহ সভাপতি আব্দুস সালাম আজাদ। সংবাদ সম্মেলন শেষ হওয়ার পর তিনি চতুর্থ তলায় যুবদলের কেন্দ্রীয় কার্যালয়ে যান।
সেখানেই একদল যুবকের অতর্কিত হামলার শিকার হন আব্দুস সালাম। হামলার ঘটনায় সালাম মাথায় আঘাত পেয়েছেন। তাকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
বিএনপি কার্যালয় থেকে জানানো হয়েছে বিএনপি নেতা-কর্মীরা কিছু বুঝে ওঠার আগেই হামলাকারীরা পালিয়ে যায়। সরকারের মদদপুষ্ট বহিরাগত সন্ত্রাসীরা এ হামলা চালিয়েছে বলে দাবি করা হয়েছে দলের পক্ষ থেকে।