আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার এখতিয়ার— মন্তব্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেন, তার মতো সৎ, বিনয়ী রাজনীতিবিদের কাছে দপ্তর বড় বিষয় নয়।
শুক্রবার রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স মিলনায়তনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
দলের বৃহত্তর স্বার্থেই সৈয়দ আশরাফকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়া হয়েছে বলে মনে করেন সুরঞ্জিত।
এদিকে, সকালে বাবুবাজার ব্রিজ পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে দলের সভাপতিমণ্ডলীর সদস্য, সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী ওবায়দুল কাদের বলেন, দলের স্বার্থেই সৈয়দ আশরাফকে দপ্তরবিহীন মন্ত্রী করা হয়েছে।
দলের সভানেত্রীর সিদ্ধান্তের প্রতি বিশ্বাস রাখতে হবে— উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, তার মতো রাজনীতিবিদের দপ্তরের প্রয়োজন হয় না।
বৃহস্পতিবার বিকেলে দলের সাধারণ সম্পাদক সৈয়দ আশরাফুল ইসলামকে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের দায়িত্ব থেকে অব্যাহতি দেয়ার পর আওয়ামী লীগ নেতারা তাৎক্ষণিকভাবে কোনো মন্তব্য করেন নি।