সাম্প্রতিক সময়ে দেশের বিভিন্ন জায়গায় শিশু নির্যাতন ও হত্যার ঘটনায় উদ্বেগ প্রকাশ করেছে বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন। এসব ঘটনার পেছনে দুর্বল রাষ্ট্রকাঠামোকেই দায়ী করছেন তিনি।
শুক্রবার সকালে নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
তিনি অভিযোগ করেন, সরকারের দুর্বল রাষ্ট্রনীতির কারণে প্রায়শই সীমান্তে হত্যার ঘটনা ঘটছে।
অনুষ্ঠানে বিএনপির স্থানীয় সরকার মন্ত্রীর ইঞ্জিনিয়ার খন্দকার মোশাররফ হোসেনের বিরুদ্ধে ধর্মীয় সংখ্যালঘুদের সম্পত্তি দখলের যে অভিযোগ উঠেছে তা খতিয়ে দেখা এবং এর সুষ্ঠু তদন্তের দাবিও জানান রিপন।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে দলীয় নেতা-কর্মীদের মুক্তির দাবিতে আয়োজিত প্রতিবাদ সমাবেশে বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহাবুবুর রহমান অভিযোগ করেন, সন্ত্রাসী কর্মকাণ্ড বেড়ে যাওয়া এবং আইনের প্রতি শ্রদ্ধা কমে যাওয়ায় এ ধরণের অপরাধ বেড়ে গেছে।
আন্ত:নদী সংযোগ প্রকল্পের নামে ভারত যেন অভিন্ন নদীগুলোর পানি একতরফাভাবে প্রত্যাহার করে নিতে না পারে সেজন্য কার্যকর ব্যবস্থা নিতে সরকারের প্রতি আহ্বান জানান মাহাবুবুর রহমান।