নির্বাচনকালীন সরকার নিয়ে হাইকোর্টের পর্যবেক্ষণকে অপ্রাসঙ্গিক ও অনাকাঙ্খিত বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত। শুক্রবার রাজধানীর ইঞ্জিনিয়ারস ইনস্টিটিউশনে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
আদালতে রায়ের এ পর্যবেক্ষণের বিষয়টিকে অপ্রাসঙ্গিক এবং যুক্তিহীন বলে মন্তব্য করেছেন সুরঞ্জিত সেনগুপ্ত।
দশম সংসদে অর্ধেকের বেশি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত সাংসদদের বৈধতা চ্যালেঞ্জ করে দায়ের রিট আবেদনের রায়ে উচ্চ আদালত এক পর্যবেক্ষণে আগামী জাতীয় নির্বাচন অনুষ্ঠানে সব দলের অংশগ্রহণে একটি অন্তবর্তী সরকারের নতুন রূপরেখা দিয়েছে। এতে নির্বাচনকালে প্রধানমন্ত্রীসহ যেকোনো মন্ত্রণালয়ের সিদ্ধান্ত নাকচ করার ক্ষমতা নির্বাচন কমিশনকে দেয়ার পক্ষেও যুক্তি দিয়েছে আদালত। তারই পরিপ্রেক্ষিতে তিনি এসব কথা বলেন।
এদিকে, শোক দিবস উপলক্ষে আরেক আলোচনায় মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কামরুল ইসলাম বলেন, বিএনপিসহ ২০ দল নতুন করে যে ষড়যন্ত্রের জাল বুনছে— খালেদা জিয়ার লন্ডন সফর বাতিলের মধ্য দিয়েই তা প্রমাণিত হয়।
কামরুল আরো বলেন, বিচারহীনতার অপসংস্কৃতি থেকে দেশকে মুক্ত করেছে আওয়ামী লীগ।
এছাড়া, শোক দিবসকে সামনে রেখে জাতীয় প্রেসক্লাবে বাংলাদেশ কলেজ-বিশ্ববিদ্যালয় শিক্ষক সমিতি এক আলোচনা সভার আয়োজন করে।