মুখে মানবাধিকারের কথা বললেও অনেক দেশ বঙ্গবন্ধুর খুনিদের ফিরিয়ে না দিয়ে দ্বৈত নীতি অবলম্বন করছে বলে অভিযোগ করেছেন কৃষিমন্ত্রী মতিয়া চৌধুরী।
রোববার বিকেলে জাতির জনকের ৪০তম শাহাদাতবার্ষিকী উপলক্ষ্যে আওয়ামী লীগের ৪০ দিনের কেন্দ্রীয় কর্মসূচীর অংশ হিসেবে শোক র্যালি করে আওয়ামী লীগের নেতাকর্মীরা। র্যালি শুরু আগে আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
একমাত্র শেখ হাসিনার কারণেই যুদ্ধাপরাধীদের বিচার সম্ভব হয়েছে—উল্লেখ করে মতিয়া বলেন, বঙ্গবন্ধুর পলাতক খুনিদের যেসব দেশ আশ্রয় দিয়েছে তাদের মুখে মানবাধিকারের কথা মানায় না।
সভায় দুর্যোগ ও ত্রাণ ব্যবস্থাপনা মন্ত্রী মোফাজ্জল হোসেন চৌধুরী মায়া অভিযোগ করেন, এদেশের গণতন্ত্রকে নস্যাৎ করতে ষড়যন্ত্র হচ্ছে। এ সকল ষড়যন্ত্রের বিরুদ্ধে দলের নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।
এ সময় নেতাদের অভিযোগ করেন, জঙ্গিদের সঙ্গে নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত বিএনপি।
শাহবাগ, কাঁটাবন, সায়েন্স ল্যাবরেটরি মোড়, কলাবাগান হয়ে ধানমন্ডির ৩২ নম্বরে শেষ হয় র্যালি।