আগে দেশে গুম ছিল না— আওয়ামী লীগই গুমের রাজনীতি শুরু করেছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। রোববার সন্ধ্যায় গুলশানে নিজ কার্যালয়ে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সহমর্মিতা জানাতে গিয়ে একথা বলেন তিনি।
খালেদা জিয়া বলেন, যারা দেশের নেতৃত্ব দেবে সরকার বেছে বেছে সেইসব ছেলেদেরই গুম করেছে।
বাংলাদেশে এখন রাষ্ট্রীয়ভাবে গুম চলছে—উল্লেখ করে তিনি আরো বলেন, এই গুমের তদন্ত সরকারকে দিয়ে সম্ভব নয়। জাতিসংঘের তত্ত্ববধানে আন্তর্জাতিকভাবে এর তদন্ত করতে হবে। দেশে যেসব নিরপেক্ষ তদন্ত সংস্থা আছে তাদের আন্তর্জাতিক তদন্ত কমিটির সঙ্গে সমন্বয় করে গুমের তদন্ত করতে হবে। শুধু দিবস পালন করলেই হবে না বলেও জানান বিএনপির চেয়ারপারসন।
এ সময় বিএনপির সিনিয়র নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলের স্থায়ী কমিটির সদস্য ব্যারিস্টার মওদুদ আহমদ, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার, নজরুল ইসলাম খান, গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমেদ বীর বিক্রম, সেলিমা রহমান, এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন চৌধুরী, চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট আহমেদ আজম খান, শামসুজ্জামান দুদু, সিনিয়র সাংবাদিক শফিক রেহমান, বারিস্টার রুমিন ফারহানা প্রমুখ।