গ্যাস ও বিদ্যুতের দাম বাড়ানোর প্রতিবাদে শনিবার সারাদেশে বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে বিএনপি নেতৃত্বাধীন ২০ দল। বুধবার জোটের পক্ষে বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান এক বিবৃতিতে এ কর্মসূচি ঘোষণা দেন।
বিবৃতিতে তিনি বলেন, দেশ যখন বন্যায় ভাসছে, লাখো বন্যার্ত মানুষ যখন বিপন্ন, পেয়াজ-মরিচ, শাক-সবজি, চাল-ডাল, মাছ-মাংসের অস্বাভাবিক মূল্য বৃদ্ধির ফলে নির্দিষ্ট, নিম্ন ও মধ্য আয়ের কোটি কোটি মানুষ যখন দিশেহারা, ঠিক তখন অযৌক্তিক ও বে-আইনিভাবে গ্যাস-বিদ্যুৎ ও সিএনজির দাম বাড়ানো হয়েছে।
নজরুল ইসলাম বলেন, বিশ্ব বাজারে জ্বালানি তেলের দাম ১২০ ডলার থেকে কমে যখন ৪০ ডলার হয়েছে। গত ৫ বছরে সরকারি সংস্থা পেট্রোবাংলা যখন ২০ থেকে ৮০ হাজার কোটি টাকা মুনাফা করেছে— তখন জ্বালানি তেল দিয়ে উৎপাদিত বিদ্যুতের দাম কমানোই ছিল স্বাভাবিক।
কিন্ত, বিনাভোটে ক্ষমতায় বসা সরকার গ্যাস-বিদ্যুতের দাম না কমিয়ে আরো বাড়িয়ে দিয়েছে। কারণ, যেহেতু তারা জনগণের ভোটে নির্বাচিত নয়, সেহেতু জনগণের প্রতি তাদের কোনো দায়-দায়িত্ব ও জবাবদিহিতা নেই। সঙ্গত কারণেই গ্যাস-বিদুত্যের দাম না কমিয়ে আরেক দফা বাড়িয়ে দেয়া হয়েছে। এই অযৌক্তিক ও গণবিরোধী সিদ্ধান্তের তীব্র প্রতিবাদ জানাচ্ছি আমরা। অবিলম্বে বর্ধিত মূল্য কমানোর দাবি জানাচ্ছি-বলেন নজরুল ইসলাম খান।