আওয়ামী লীগ জনকল্যাণে কাজ না করে প্রতিবেশি দেশের স্বার্থ রক্ষায় ব্যস্ত রয়েছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান। দেশে গণতান্ত্রিক সরকার না থাকায় আইন-শৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতি হয়েছে বলেও জানান তিনি।
শুক্রবার জাতীয় প্রেসক্লাবে বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
বর্তমান সরকার গণতন্ত্রের প্রতি শ্রদ্ধাশীল নয়— অভিযোগ করে মাহবুবুর রহমান বলেন, দেশ ও দলের উন্নয়নে জিয়াউর রহমানের আদর্শ মেনে চলার কোনো বিকল্প নেই।
এদিকে, সকালে দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের ৮ম কারামুক্তি দিবস উপলক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে আয়োজিত আলোচনা সভায় বিএনপির স্থায়ী কমিটির আরেক সদস্য হান্নান শাহ বলেন, ক্ষমতায় টিকি থাকতে সবধরনের অপচেষ্টা অব্যাহত রেখেছে সরকার।
জিয়া পরিবারের নামে মিথ্যাচার বন্ধ করে প্রধানমন্ত্রীর আত্মীয়-পরিজনদের আয়-ব্যয়ের হিসাব জনসমক্ষে প্রকাশের আহ্বান জানান হান্নান শাহ।