স্বাস্থ্য পরীক্ষার জন্য যুক্তরাজ্য পৌঁছেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বিমানবন্দরে তাকে অভ্যর্থনা জানান ছেলে তারেক রহমান।
বুধবার ভোরে লন্ডনের হিথরো বিমানবন্দরে নামার পর নিজে গাড়ি চালিয়ে মাকে হোটেলে সোফিটেলে নিয়ে যান তারেক। খালেদা আপাতত এই হোটেলে উঠলেও পরে আবাস পাল্টাবেন বলে প্রবাসী বিএনপি নেতারা জানিয়েছেন।
বিমানবন্দরের ভিআইপি লাউঞ্জে তারেকের সঙ্গে ছিলেন যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালেক, সাধারণ সম্পাদক কয়ছার আহমেদ।
এ সময় বিএনপির নেতা-কর্মী বিমানবন্দরের বাইরে উপস্থিত ছিলেন সেখানে দলীয় চেয়ারপারসনকে স্বাগত জানাতে।
স্বাস্থ্য পরীক্ষার জন্য গেলেও এবার লন্ডনেই ছেলে, পূত্রবধূ ও নাতনিদের সঙ্গে ঈদুল আজহা উদযাপন করবেন খালেদা। ছেলে প্রয়াত আরাফাত রহমান কোকোর স্ত্রী ও দুই মেয়েও থাইল্যান্ড থেকে লন্ডনে গেছেন।
বিএনপি নেতা মালেক বলেন, সফরকালে গণমাধ্যমকর্মীদের সঙ্গে মতবিনিময় করবেন খালেদা জিয়া, সভা করবেন দলের যুক্তরাজ্য শাখার নেতাদের সঙ্গে। ঈদের দিন কমিউনিটি নেতাদের সঙ্গেও শুভেচ্ছা বিনিময় করবেন তিনি।
এদিকে, খালেদা যেখানে কর্মসূচিতে যাবেন, সেখানে প্রতিবাদ কর্মসূচি পালনের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য আওয়ামী লীগ।
ঢাকা থেকে মঙ্গলবার রাতে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইটে যুক্তরাজ্যে রওনা হন বিএনপি চেয়ারপারসন। দুবাইয়ে দুই ঘণ্টার যাত্রাবিরতির পর বুধবার সকালে লন্ডন পৌঁছান তিনি।
তার প্রেসসচিব মারুফ কামাল খান জানান, তার নেত্রীর চোখের চিকিৎসা ও স্বাস্থ্য পরীক্ষার জন্য চিকিৎসকদের সঙ্গে সাক্ষাতের সময়ও ঠিক করা হয়েছে।
বিগত ২০০৬ সালে ক্ষমতা হারানোর পর যুক্তরাজ্যে খালেদার এটি দ্বিতীয় সফর। ২০১১ সালে যুক্তরাষ্ট্র ঘুরে দেশে ফেরার পথে বড় ছেলে তারেককে দেখতে লন্ডনে গিয়েছিলেন তিনি।