লন্ডনে দলের নেতা-কর্মীদের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। বৃহস্পতিবার পূর্ব লন্ডনের ফেয়ারলপ ওয়াটার কান্ট্রি পার্কে তিনি এ শুভেচ্ছা বিনিময় করেন।
এ সময় আওয়ামী লীগ সরকার ক্ষমতা কুক্ষিগত করতেই সংবিধান পরিবর্তন করেছে বলে অভিযোগ করেন খালেদা জিয়া।
তিনি বলেন, দেশে গণতন্ত্র ও আইনের শাসন বলতে কিছু নেই। বিএনপি ঐক্যের রাজনীতি করতে চায় বলেও এসময় জানান বিএনপি চেয়ারপারসন।
ছেলে ও দলের সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান ও পুত্রবধূ জোবায়দা রহমান তার সঙ্গে ছিলেন।
সন্ধ্যা সোয়া ৭টায় অনুষ্ঠান শুরু হয় তবে দলীয় কর্মীদের চরম হুড়োহুড়ি ও হাতাহাতির কারণে বারবার বন্ধ করতে হয় শুভেচ্ছা বিনিময়।
অতি গোপনীয়তায় বুধবার বিকেল থেকে এসএমএস’র মাধ্যমে লন্ডনের দলীয় নেতাকর্মীদের অনুষ্ঠানে আমন্ত্রণ জানানো হয়। বৃহস্পতিবার স্থানীয় সময় বিকেল ৫টায় অনুষ্ঠান মঞ্চে আসার কথা থাকলেও তারেক রহমান ও জোবায়দা রহমানকে সঙ্গে নিয়ে খালেদা জিয়া আসেন সন্ধ্যা ৭টায়। এর আগে ‘ঈদ একচেঞ্জ সিরিমনি উইথ বিএনপি চেয়ারপাসন খালেদা জিয়া ও তারেক রহমান’ ব্যানার সজ্জিত মঞ্চে সিংহাসনতুল্য দু’টি চেয়ার তৈরি রাখা হলেও তারেক পত্নী জোবায়দা রহমানের জন্যে পরে আরেকটি চেয়ার আনা হয়।
খালেদা জিয়া মঞ্চে ওঠার পরপরই ফুল হাতে নিয়ে নেতাকর্মীরা নেত্রীর সঙ্গে শুভেচ্ছা বিনিময় শুরু করেন। কিন্তু কার আগে কে শুভেচ্ছা বিনিময় করবেন এ প্রতিযোগিতার কারণে শুরু হয় হট্টগোল। যুক্তরাজ্যে বিএনপির বিবদমান দুই গ্রুপের কারণে এ হট্টগোল একপর্যায়ে হাতাহাতিতে রূপ নেয়।