সরকারের মদদপুষ্ট বলেই বিদেশি নাগরিকসহ অন্যান্য খুনের ঘটনার আসামিদেরকে গ্রেপ্তার করা হচ্ছে না বলে মন্তব্য করেছেন বিএনপি নেতারা।
এছাড়া জনগণ ও আন্তর্জাতিক সম্প্রদায়ের দৃষ্টি ভিন্ন খাতে প্রবাহিত করতেই এসব হত্যার ঘটনায় বিএনপিকে দোষারোপ করে সরকার মিথ্যা অপপ্রচার চালাচ্ছে বলেও অভিযোগ করেছেন তারা।
বিরোধীদল ও মতকে দমন করতেই সরকার ওই ঘটনায় জড়িত সন্দেহে বিএনপি নেতাদের গ্রেপ্তার করেছে বলেও অভিযোগ তাদের।
বুধবার গণমাধ্যমে দেয়া এক বিবৃতিতে দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর অভিযোগ করেন, দুই বিদেশি নাগরিক হত্যার ঘটনায় কোনো তদন্ত ছাড়াই উদ্দেশ্যমূলকভাবে বিএনপিকে দায়ী করে সরকারের পক্ষ থেকে বক্তব্য আসছে।
নিজেদের ব্যর্থতা ঢাকতে সরকার এ ধরনের অপপ্রচার চালাচ্ছে বলে দাবি করেন তিনি।
সরকারের এ ধরনের দমননীতি এবং ক্ষমতা কুক্ষিগত করার চেষ্টা দেশকে গভীর সংকটে ফেলবে বলেও বিবৃতিতি উল্লেখ করেন মির্জা ফখরুল।
নিরপেক্ষ তদন্তের মাধ্যমে বিদেশি নাগরিক হত্যাকাণ্ডে জড়িত প্রকৃত অপরাধীদের খুঁজে আইনের আওতায় আনার দাবি জানান তিনি।
এদিকে, জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল্লাহ আল নোমান অভিযোগ করেন, সরকারের মদদেই দেশে সবধরনের হত্যাকাণ্ড সংঘটিত হচ্ছে।
সরকারের ওপর দেশের মানুষ আস্থা রাখতে পারছে না বলেও মন্তব্য করেন তিনি।