আন্দোলন করে যখন কোন কাজ হয়নি, তখন গুপ্তহত্যা করে আন্তর্জাতিক বিশ্বে দেশের সম্মান ক্ষুণ্ণ করতে চায় বিএনপি বলে মন্তব্য করেছেন বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ।
রোববার সকালে ভোলা সদর উপজেলার স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠন উপলক্ষে প্রস্তুতি কমিটির সমাবেশে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, হরতাল-অবরোধ করে যারা দেশকে অকার্যকর রাষ্ট্রে পরিণত করতে চেয়েছিল তারাই বিদেশিদের হত্যা করছে।
এসময় সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কাজের প্রসংশা করে তোফায়েল বলেন, বর্তমান সরকারের আমলে দেশের দ্রব্য-মূল্য নিয়ন্ত্রণে রয়েছে।
এছাড়া, মাতৃ ও শিশু মৃত্যুর হার কমেছে বলেও এসময় জানান তিনি।
এদিকে জাতীয় প্রেসক্লাবে, বাংলাদেশে বিদেশি বিনিয়োগ বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামাত বিদেশি নাগরিক হত্যা করেছে বলে মন্তব্য করেন দলটির প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ।
রাজধানীতে আলাদা অনুষ্ঠানে ঢাকা মহানগর আওয়ামী লীগ নেতা কামরুল ইসলাম আশা প্রকাশ করেন, তদন্ত কমিটির সময় লাগলেও খুব শিগগিরই হত্যাকারীদের আইনের আওতায় আনা সম্ভব।