বাকশাল কায়েমের নীলনকশা অনুযায়ী সরকার দলীয় মনোনয়ন ও প্রতীকে স্থানীয় সরকার নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে বলে অভিযোগ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হান্নান শাহ। মঙ্গলবার সকালে জাতীয় প্রেসক্লাবে আয়োজিত স্মরণ সভায় তিনি এ কথা বলেন।
হান্নান শাহ বলেন, কারো সঙ্গে আলোচনা না করেই এমন সিদ্ধান্ত উদ্দেশ্যমূলক।
সরকার আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রন, সুশাসন প্রতিষ্ঠাসহ সব ক্ষেত্রে ব্যর্থ হয়েছে—উল্লেখ করে তিনি আরো বলেন, দলীয়ভাবে স্থানীয় নির্বাচন অনুষ্ঠানের আগে এর পক্ষে-বিপক্ষে মতামত জানতে গণভোট আয়োজন করা প্রয়োজন।
অনুষ্ঠানে বিএনপি সমর্থিত শত নাগরিক কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. এমাজ উদ্দিন আহমেদ বলেন, গ্রামাঞ্চলের শান্তি-শৃঙ্খলা বিনষ্ট করতেই দলীয় ভিত্তিতে স্থানীয় পর্যায়ে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছে সরকার।
এছাড়া, প্রশাসক নিয়োগের ক্ষেত্রে অনিয়মের অভিযোগও করেন তিনি।
সুশাসন প্রতিষ্ঠায় জনগণের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত গণতান্ত্রিক সরকারের বিকল্প নেই--মন্তব্য করে বিএনপির এ নেতা বলেন, জনপ্রতিনিধিদের মেয়াদ শেষে তাদের জায়গায় প্রশাসক নিয়োগের সিদ্ধান্ত অগণতান্ত্রিক।