রামপাল বিদ্যুৎ কেন্দ্র প্রকল্প অবিলম্বে বন্ধ করার দাবি জানিয়েছেন বাম নেতারা। মঙ্গলবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে থেকে সুন্দরবন রক্ষা অভিযাত্রায় এ দাবি জানানো হয়।
তাপবিদ্যুৎ কেন্দ্রটির জন্য আমদানি করা কয়লা সরবরাহ ও লোকসমাগমের কারণে সুন্দরবন নিশ্চিতভাবে হুমকির মুখে পড়বে বলে আশঙ্কা প্রকাশ করেন তারা।
শনিবার বাগেরহাটের দিগরাজে অভিযাত্রার সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।
চলমান বিদ্যুৎ ঘাটতি মোকাবেলায় বাগেরহাটের রামপালে তাপবিদ্যুৎ কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেয় সরকার। সুন্দরবনের ভেতরে প্রস্তাবিত এ বিদ্যুৎ কেন্দ্রে কয়েকটি দেশ থেকে আমদানি করা কয়লা মংলা বন্দর হয়ে পৌঁছুবে। লোকবলের কারণে বনের অভ্যন্তরে বাড়বে মানুষের তৎপরতাও।
এসব কারণে প্রস্তাবনার পর থেকেই প্রকল্পটির বিরোধিতা করে আসছে পরিবেশবাদীরা। এরই ধারবাহিকতায় মঙ্গলবার বিকেলে সুন্দরবন রক্ষা অভিযাত্রার আয়োজন করে সিপিবি বাসদসহ বামপন্থি দলগুলো।
অভিযাত্রার শুরুতে আয়োজিত সমাবেশে নেতারা বলেন, পরিবেশ রক্ষায় সর্বোচ্চ পুরষ্কার নিয়ে প্রধানমন্ত্রী সুন্দরবন ধ্বংসের মতো সিদ্ধান্ত নিতে পারেন না।
পরে, সুন্দরবনের উদ্দেশে অভিযাত্রা শুরু হয়। অভিযাত্রার মাঝে বিভিন্ন জায়গায় সমাবেশ শেষে শনিবার বাগেরহাটের দিগরাজে সমাপনী সমাবেশ অনুষ্ঠিত হবে।