রামপাল কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বন্ধের দাবিতে অনুষ্ঠিত রোডমার্চে পুলিশি হামলার ঘটনায় বিচার বিভাগীয় তদন্তের দাবি জানিয়েছে গণতান্ত্রিক বাম মোর্চা। মঙ্গলবার সকালে রাজধানীর তোপখানা রোডে সংবাদ সম্মেলনে এ দাবি জানান সংগঠনটি নেতারা।
সংবাদ সম্মেলনে বুধবার বিকেলে জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ সমাবেশ ও ৫ নভেম্বর নানান কর্মসূচির মাধ্যমে সুন্দরবন দিবস পালনসহ চারটি কর্মসূচি ঘোষণা দেন মোর্চার সমন্বয়কারী সাইফুল হক।
একইসঙ্গে হামলাকারীদের আইনের আওতায় আনারও দাবি জানিয়েছে সংগঠনটি।
এসময় সংগঠনের নেতারা বলেন, সরকার বিদেশি প্রভুদের খুশি করতেই সুন্দরবন ধ্বংসকারী রামপাল কয়লা ভিত্তিক বিদ্যুতকেন্দ্র করতে যাচ্ছে।
এ সময় রামপালে বিদ্যুৎ প্রকল্প বন্ধ করে দেশি-বিদেশি অপতৎপরতা মোকাবেলারও আহ্বান জানান বাম মোর্চার এ নেতা।
বিষয়টি নিশ্চিত করতেই বাম মোর্চার রোডমার্চে পুলিশবাহিনী নজিরবিহীন হামলা চালিয়েছে বলেও অভিযোগ করেন তারা।
গত ১৬ অক্টোবর রাজধানী থেকে সুন্দরবন অভিমুখে তিন দিনব্যাপী এ রোডমার্চের যাত্রা করেন তারা।
উল্লেখ, সেনাসমর্থিত তত্ত্ববধায়ক সরকারের সময় ২০০৭ সালের ১২ সেপ্টেম্বর বাংলাদেশের বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল (বাসদ), গণতান্ত্রিক বিপ্লবী পার্টি, ইউনাইটেড কমিউনিস্ট লীগ, শ্রমিক কৃষক সমাজবাদী দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক দল, বাংলাদেশের সমাজতান্ত্রিক আন্দোলন ও গণসংহতি আন্দোলন নিয়ে গণতান্ত্রিক বাম মোর্চা গঠিত হয়।