বিএনপির অনেক বিবেকবান নেতা শমসের মবিন চৌধুরীর মত দল ছেড়ে বের হয়ে বিএনপিকে পুনর্গঠন করবেন বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবুল আলম হানিফ। বৃহস্পতিবার ধানমন্ডির কার্যালয়ে আওয়ামী লীগের আয়োজিত সভায় তিনি এ কথা বলেন।
হানিফ বলেন, খালেদা জিয়া আর তারেক রহমানের প্রতি বিএনপির অনেক নেতাদেরই অনাস্থা রয়েছে।
এদিকে, সকালে রাজধানীর শিল্পকলা একাডেমিতে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট আয়োজিত আলোচনা সভায় আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক হাছান মাহমুদ বলেন, দেশকে অস্থিতিশীল ও উন্নয়ন বাধাগ্রস্ত করতেই বিএনপি-জামাত নানা ষড়যন্ত্র করছে।
বিএনপি মৌলবাদের পৃষ্টপোষক— উল্লেখ করে বিদেশিসহ বিভিন্ন গুপ্ত হত্যায় জড়িতদের খুঁজে বের করা হচ্ছে বলে জানান হাছান মাহমুদ।
যারা ষড়যন্ত্রের মদদ দিচ্ছে তাদের কোনো ছাড় দেয়া হবে না বলেও এ সময় হুশিয়ার করে দেন আওয়ামী লীগের এ নেতা।