ভবিষ্যতে রাজনীতিতে আসতে পারেন এমন আভাস দিয়ে প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমানের ছোটভাই আহমেদ কামাল বলেন, সময়-সুযোগ হলে সবাইকে জানানো হবে। তবে এতে যোগ দেননি জিয়ার প্রতিষ্ঠিত দল বিএনপির কেউই।
বুধবার বিকেলে ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউটে জিয়াউর রহমান ও তার পরিবারের সদস্যদের স্মরণে তার ছোটভাই আহমেদ কামাল আয়োজিত পারিবারিক মিলাদ মাহফিলে তিনি এ কথা বলেন।
এ আয়োজন বিএনপি ভাঙ্গা কিংবা নতুন দল গড়ার ষড়যন্ত্র নয়—উল্লেখ করেন আহমেদ কামাল।
পারিবারিক এ অনুষ্ঠানকে যেন ভিন্নভাবে দেখা না হয় সে ব্যাপারেও কথা বলেন জিয়াউর রহমানের ছোট ভাই।
এ সময় জিয়া পরিবারের আত্মীয় পরিচয় দানকারী শরিফুল ইসলাম ডন বলেন, দলীয় কার্যক্রম থাকার কারণেই মিলাদ ও দোয়া মাহফিলে তারা কেউ অংশ নিতে পারেননি।
এ অনুষ্ঠানকে একেবারেই পারিবারিক আয়োজন বলা হলেও দীর্ঘদিন কোনো প্রকার আলোচনায় না থাকা জিয়াউর রহমানের ছোট ভাই আহমেদ কামালের এমন অনুষ্ঠান আয়োজন রাজনৈতিক অঙ্গনে নানা গুঞ্জন ও আলোচনার জন্ম দিয়েছে।