বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সংলাপের আহ্বানকে নাকচ করে দিয়ে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, সংলাপে বসতে যোগ্যতা লাগে, যোগ্যতা ছাড়া সংলাপ হয় না।
শুক্রবার দুপুরে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে আয়োজিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, যাদের আন্দোলন করার শক্তি নেই, তারাই এখন সংলাপের কথা বলছে।
বিদেশে বসে দেশের বিরুদ্ধে, সরকারের বিরুদ্ধে ষড়যন্ত্র করে সরকার হটানো যাবে না—উল্লেখ করে আওয়ামী লীগের এ নেতা বলেন, যারা চোরাগোপ্তা হামলা করে দেশকে পাকিস্তান বা আফগানিস্তানের মতো অকার্যকর করার অপচেষ্টা চালাবে তারা নিজেরাই অকার্যকর হয়ে যাবে।
সাম্প্রতিক লেখক-প্রকাশক হত্যা ও পুলিশের ওপর হামলার ঘটনায় বিএনপি নেত্রীকে দায়ী করে ওবায়দুল কাদের বলেন, জাতীয় সংলাপের জন্য যে পরিবেশ দরকার তা বিএনপি নষ্ট করেছে।
গতকাল (বৃহস্পতিবার) লন্ডনে অবস্থানরত বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সরকারের প্রতি জাতীয় সংলাপের আহ্বান জানান। সেইসঙ্গে তিনি আশা প্রকাশ করেন, সরকার শুভবুদ্ধির পরিচয় দিয়ে সংলাপের সূচনার পরিবেশকে উন্মুক্ত করবে।