বিএনপি থেকে পদত্যাগ করেছেন দলটির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী।
একসময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে যোগ দেয়া ফরিদপুরের এ রাজনীতিক এখন তার জীবনের বাকি সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশসেবায় আগ্রহী।
রোববার রুমি সাংবাদিকদের বলেন, কুরিয়ার করে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বরাবরে পদত্যাগপত্র পাঠিয়ে দিয়েছেন। ফরিদপুর জেলা কমিটির সিনিয়র ভাইস চেয়ারম্যানের পদ থেকেও তিনি ইস্তফা দিয়েছেন।
একসময় আওয়ামী লীগ থেকে বিএনপিতে আসা এই রাজনীতিক এখন আবার বঙ্গবন্ধুর আদর্শের রাজনীতিতে ফিরতে চান বলে জানা গেছে।
তিনি বলেন, আমি মনে করি, মুক্তিযুদ্ধের শক্তি, যারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে দেশকে স্বাধীন করেছিলাম, আজ আমাদের সবার এক হওয়া উচিৎ। সেই কারণে বিএনপি থেকে আমি পদত্যাগ করেছি।
বিগত ২০০১ সালের নির্বাচনে ফরিদপুর-৫ আসনে আওয়ামী লীগের মনোনয়ন না পেয়ে পরের বছর ৪ মে বিএনপিতে যোগ দেন রুমী। ওই আসনে সেসময় সভাপতিমণ্ডলীর সদস্য কাজী জাফরুল্লাহকে মনোনয়ন দেয় আওয়ামী লীগ। স্বতন্ত্র প্রার্থী হিসেবে নির্বাচন করে পরাজিত হন রুমী।
পুরো পরিবার আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে সম্পৃক্ত। তার বাবা শামসুদ্দিন মোল্লা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঘনিষ্ট বন্ধু ছিলেন। আর তিনি খসড়া সংবিধান রচয়িতার সঙ্গে জড়িত ছিলেন।
রুমী আরো, ২০০৭ সালের ২২ জানুয়ারি যে নির্বাচন হওয়ার কথা ছিল তাতে বিএনপির মনোনয়ন পেয়েছিলাম পরে ওই নির্বাচন স্থগিত হয়ে যায়।
এখন আওয়ামী লীগে যোগ দেবেন কিনা জানতে চাইলে রুমী বলেন, আমাদের পুরো পরিবারই আওয়ামী লীগ করে আমি ছাত্রজীবনে ছাত্রলীগ করেছি। ২০০২ সালে কেবল আমিই পরিবারের বাইরে এসে বিএনপিতে যোগ দিয়েছিলাম। এটা নিয়ে এতোদিন অস্বস্তিতে ছিলাম। এ পদত্যাগে তা কেটে গেল। এখন কী করব সে সিদ্ধান্ত নিইনি।
এর আগে ভাইস চেয়ারম্যান শমসের মবিন চৌধুরী দল ছাড়ার পর দুই সাপ্তাহ না যেতেই পদত্যাগ করলেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এম এম শাহরিয়ার রুমী।