দুই মাসের বেশি সময় যুক্তরাজ্যে অবস্থানের পর দেশে ফিরেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শনিবার বিকেল ৫টা ১০ মিনিটে খালেদা জিয়াকে বহনকারী এমিরেটসের ইকে-৫৮৬ ফ্লাইটটি ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।
গত ১৫ সেপ্টেম্বর চিকিৎসার জন্য লন্ডনে যান বিএনপি চেয়ারপারসন। সেখানে বড় ছেলে তারেক রহমানসহ তার পরিবার এবং প্রয়াত ছোট ছেলে আরাফাত রহমান কোকোর স্ত্রী ও মেয়েদের নিয়ে ঈদ উদযাপন করেন তিনি।
সেখানে তিনি চোখ ও বাতের চিকিৎসা নিয়েছেন বলে বিএনপি সূত্রে জানা গেছে।
সকালে বিএনপির সহদপ্তর সম্পাদক শামীমুর রহমান শামীম বলেন, ম্যাডাম লন্ডন সময় রাত সাড়ে ১০টায় এমিরেটস এয়ারলাইন্সের বিমানে রওনা হয়েছেন। দুবাইতে দেড় ঘণ্টা যাত্রাবিরতি শেষে বিকেলে হজরত শাহ জালাল বিমানবন্দরে নামবেন তার দলীয় প্রধান।
এর আগে দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন এক সংবাদ সম্মেলনে বলেন, দেশের ক্রান্তিকাল ও রাজনীতির সঙ্কট বিবেচনা করেই আমাদের দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া চিকিৎসা অসমাপ্ত রেখে দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।
লন্ডনে পারিবারিক পরিমণ্ডলে সময় কাটানোর পাশাপাশি বিএনপির আয়োজনে দুটি অনুষ্ঠানে অংশ নিয়ে বক্তব্য রাখেন খালেদা।