যুদ্ধাপরাধী সালাউদ্দিন কাদের (সাকা) চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসি কার্যকর হওয়ায় জাতির দায় কিছুটা হলেও পূরণ হয়েছে—উল্লেখ করে এটি ‘মানবতার বিজয়’ বলে মনে করছেন ১৪ দলের নেতারা।
রোববার জাতীয় প্রেসক্লাবের সামনে আয়োজিত সমাবেশ ও আনন্দ মিছিল করে এ কথা বলেন আওয়ামী লীগের প্রচার সম্পাদক হাছান মাহমুদ ও যুগ্ম সাধারণ সম্পাদক কামরুল ইসলাম।
যুদ্ধাপরাধীদের বিচারের প্রশ্নে কোনো আপোষ নয়—উল্লেখ করে রায় কার্যকর হওয়ায় জাতি সন্তুষ্ট বলেও জানান নেতারা।
ফাঁসির দণ্ড কার্যকর হওয়া বিচারহীনতার সংস্কৃতি থেকে বের হওয়ার পথে যাত্রা—উল্লেখ করে হাছান ও কামরুল বলেন, কলঙ্ক মোচনের পথে আরেক ধাপ এগুলো জাতি।
এদিকে, দেশটিভিকে দেয়া সাক্ষাতে ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন বলেন, বিএনপি সাকা চৌধুরীর পক্ষে অবস্থান নিয়েছিল যা খুবই দুঃখজনক। বিএনপি যুদ্ধাপরাধীর বিচারের পক্ষে কথা বললেও আসলে তারা যুদ্ধাপরাধীদের পক্ষে অবস্থান করছে।
এ ফাঁসির মধ্যে দিয়ে কলঙ্কমুক্ত হওয়ার সঙ্গে জাতি আজ মানসিকভাবে ভিন্নরকম এক অবস্থানে পৌঁছেছে বলে মন্তব্য করেন জাসদের কার্যকরী সভাপতি মঈনউদ্দীন খান বাদল।
এছাড়া কমিউনিস্ট পার্টির সভাপতি মুজাহিদুল ইসলাম সেলিম বলেন, এ দণ্ড কার্যকরের পর এখন সময় এসেছে সংগঠন হিসেবে জামাতের রাজনীতি নিষিদ্ধ করার।
যুদ্ধপরাধীদের বিচারের পাশাপাশি মুক্তিযুদ্ধের সকল রাজনৈতিক ষড়যন্ত্রের মুখোশ উন্মোচন করা এখন সময়ের দাবি বলেও মন্তব্য করেন তিনি।