পৌরসভা নির্বাচন ১৫ দিন পিছিয়ে নতুন তফসিল ঘোষণার দাবি জানিয়েছে বিএনপি। শুক্রবার কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে দলের মুখপাত্র আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক আসাদুজ্জামান রিপন সাংবাদিকদের এ কথা বলেন।
আসাদুজ্জামান রিপন বলেন, বিএনপি গণতন্ত্রে বিশ্বাস করে ও আসন্ন পৌর নির্বাচনে অংশ নিতে চায়, তবে এর জন্য অবশ্যই নেতাকর্মীদের গণগ্রেপ্তার বন্ধ করতে হবে।
আসন্ন পৌর-নির্বাচনে বিশ দলের অংশগ্রহণের সিদ্ধান্তের কথা জানিয়ে তিনি আরো বলেন, গণতান্ত্রিক প্রক্রিয়াকে বিপর্যয়ের হাত থেকে রক্ষা ও জনগণের ভোটাধিকার প্রয়োগের আকাঙ্খাকে পূরণের জন্যেই এ নির্বাচনে অংশ নিবে বিএনপি।
তবে এ সময় নির্বাচন পিছানোসহ ২০ দলের কয়েকটি শর্তের কথা জানান বিএনপি'র এ মুখপাত্র।
নির্বাচনকে কেন্দ্র করে কমিশনের কিছু সিদ্ধান্তেরও সমালোচনা করে তিনি বলেন, দলীয় পরিচয়ে পৌরসভা নির্বাচন অনুষ্ঠানের বিষয়ে সিদ্ধান্ত গ্রহণের আগে নাগরিক সমাজ ও রাজনৈতিক দলগুলোর সঙ্গে নির্বাচন কমিশনের আলোচনা করা উচিত ছিল।
উল্লেখ্য, চিকিৎসা শেষে দুই মাস পর লন্ডন থেকে দেশে ফিরে বৃহস্পতিবার রাতে জোটের নেতাদের সঙ্গে বৈঠক করেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।