নির্বাচন কমিশনকে অক্ষম, নতজানু এবং সরকারের আজ্ঞাবহ বলে আখ্যায়িত করেছেন বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন।
মঙ্গলবার দুপুরে রাজধানীর নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে সংবাদ সম্মেলনে এসব কথা জানান রিপন।
আসন্ন পৌর নির্বাচনে নিজেদের দলীয় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত করেছে বিএনপি—প্রার্থী তালিকা সম্পূর্ণ হলেই জানানো হবে বলে সংবাদ সম্মেলনে জানিয়েছে দলটি।
বিএনপির দাবি অনুযায়ী নির্বাচনের সময় না বাড়ানোয় কমিশনের সমালোচনা করেন তিনি।
সংবাদ সম্মেলনে তিনি বলেন, গণহারে বিএনপি নেতা-কর্মীদের গ্রেপ্তার সুষ্ঠু নির্বাচনের পথে অন্তরায় হবে।
সারাদেশে নেতাকর্মীদের গণগ্রেপ্তারের পরিপ্রেক্ষিতে নির্বাচন কমিশন কেন কেনো বক্তব্য কিংবা পদক্ষেপ নিচ্ছে না এ নিয়ে ক্ষুব্ধ বিএনপি।
কমিশনকে অক্ষম, নতজানু এবং সরকারের আজ্ঞাবহ আখ্যা দিয়ে দলটি প্রশ্ন তুলেছে, কমিশন আদৌ সুষ্ঠু নির্বাচন চায় কি-না? দাবি অনুযায়ী নির্বাচনের সময় না বাড়ানোয় কমিশন পক্ষপাতদুষ্ট বলে অভিযোগ তাদের।
সংবাদ সম্মেলন করে দলটি জানিয়েছে, আসন্ন পৌর নির্বাচনে দলীয় প্রার্থী তালিকা প্রায় চূড়ান্ত হয়ে গেছে।
নাশকতার আশঙ্কায় সারাদেশে বেশ কিছুদিন ধরে প্রায় প্রতিদিনই পুলিশের হাতে আটক হচ্ছেন বিএনপির নেতাকর্মীরা।
এ বিষয়ে দলটির অভিযোগ, আসন্ন পৌর নির্বাচনে বিএনপিকে নির্বাচনী মাঠ থেকে দূরে রাখতেই ষড়যন্ত্রমূলকভাবে সরকার সারাদেশে গণগ্রেপ্তার চালাচ্ছে।