পৌরসভা নির্বাচনে মনোনয়ন জমা দেয়ার একদিন আগে মেয়র পদে দলীয় প্রধানের স্বাক্ষরিত প্রত্যয়নপত্র প্রার্থীদের হাতে তুলে দিয়েছে আওয়ামী লীগ। প্রার্থী বাছাইয়ে তৃণমূলের জনপ্রিয়তাকেই প্রাধান্য দেয়া হয়েছে বলে জানিয়েছেন নেতারা। তাদের আশা দলের সিদ্ধান্ত মেনে নেবেন তৃণমূল নেতৃত্ব।
তারা জানান, চেষ্টা চলছে বিদ্রোহী প্রার্থীদের বসানোর।
তৃণমূল থেকে সম্ভাব্য মেয়র প্রার্থীদের তালিকা নিয়ে গত দুদিন টানা বৈঠকের পর পৌর নির্বাচনে দলীয় প্রার্থী চূড়ান্ত করেছে আওয়ামী লীগ। মঙ্গলবার শেষ রাত পর্যন্ত চলেছে প্রার্থীদের হাতে বা তাদের পাঠানো প্রতিনিধিদের হাতে দলের সভানেত্রীর স্বাক্ষরযুক্ত প্রত্যয়ন পত্র তুলে দেয়ার কাজ।
বুধবার দলের ধানমন্ডি কার্যালয়ে সকালেও অনেকে নিয়েছেন প্রত্যয়নপত্র।
দলের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবীর নানক জানান, প্রার্থী বাছাইয়ে তৃণমূলের জনপ্রিয়তাকেই তারা প্রাধান্য দিয়েছেন।
যারা দলীয় মনোনয়ন পাননি তারা কেন্দ্রের সিদ্ধান্ত মেনে নেবেন বলেও আশা প্রকাশ করেন নানক।
তিনি জানান, বিদ্রোহী প্রাথী শেষ পর্যন্ত থাকবে না।
পৌরসভা নির্বাচনে মনোনয়ন ফরম সংগ্রহ করার শেষ দিন বৃহস্পতিবার।
আওয়ামী লীগের দলীয় প্রতীকে নির্বাচন করতে মনোনয়ন ফরম তোলার সময় প্রার্থীদেরকে দলীয় প্রধানের স্বাক্ষরযুক্ত প্রত্যয়নপত্র স্থানীয় নির্বাচন কমিশনে কার্যালয়ে জমা দিতে হবে।