বিএনপি পৌর নির্বাচন বর্জন করবে কিনা তা সময় ও পরিস্থিতির ওপর নির্ভর করছে জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিবমির্জা ফখরুল।
মঙ্গলবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে আয়োজিত যৌথসভা শেষে তিনি এ কথা বলেন।
মির্জা ফখরুল বলেন, নির্বাচন সুষ্ঠু ও অবাধ হওয়া নিয়ে আশঙ্কা থাকলেও গণতান্ত্রিক আন্দোলনের অংশ হিসেবে যেকোনো নির্বাচনে অংশ গ্রহণ করবে দল।
তফসিল ঘোষণার পর প্রায় ৫ হাজার নেতাকর্মীকে আটক করা হয়েছে—এ অভিযোগ করে মির্জা ফখরুল বলেন, সেইসঙ্গে মেয়র ও উপজেলা পর্যায়ে চেয়ারম্যানদের বরখাস্ত করা হচ্ছে।
এ সময় দেশে বাকস্বাধীনতা, মুক্তচিন্তা প্রকাশের স্বাধীনতা নেই—উল্লেখ করে বর্তমানে গণতন্ত্র বলতে কিছুই নেই বলে আবারো মন্তব্য করেন বিএনপির এ নেতা।
এছাড়া সহযোগী সংগঠনগুলোর সঙ্গে যৌথসভা শেষে বিজয় দিবসে রাজধানীতে শোভাযাত্রা করবে জানান দলের মুখপাত্র আসাদুজ্জামান রিপন।