বিএনপির রাজনৈতিক সংস্কৃতিই মিথ্যাচার করা— এমন অভিযোগ করে ১৪ দলের মুখপাত্র মোহাম্মদ নাসিম বলেন, নির্বাচন কমিশন অতীতের মতোই নিরপেক্ষভাবে কাজ করে যাচ্ছে।
মঙ্গলবার দুপুরে ধানমন্ডিতে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
আলাদাভাবেই নিজস্ব দলীয় প্রতীকে পৌর নির্বাচনে অংশ নেবে ১৪ দলের শরিক দলগুলো— এ কথা উল্লেখ করে মো. নাসিম বলেন, এ নিয়ে ভুল বোঝাবুঝির কোনো সুযোগ নেই। জোটের ঐক্যও অটুট রয়েছে।
নির্বাচনে নাশকতার আশংকা আছে কি-না সাংবাদিকদের এ প্রশ্নের জবাবে তিনি বলেন, তা নির্ভর করছে বিএনপির ওপর।
এ সময় নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি চেয়ারপারসনকে ধন্যবাদ জানান আওয়ামী লীগের এ নেতা।
নির্বাচন বর্জন যে শুভবুদ্ধির কাজ নয়, বিএনপি তা বুঝতে পেরেছে— উল্লেখ করে তিনি।
জোটের শরীক সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার নেতৃত্বে গঠিত টিম পৌর নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থীর পক্ষে প্রচারণা চালাবেন বলেও জানান ১৪ দলের মুখপাত্র মো. নাসিম।
এছাড়াও সংবাদ সম্মেলনে বল হয়, একাত্তরে পাকিস্তানের অপরাধ ক্ষমার অযোগ্য। যুদ্ধাপরাধী সালাউদ্দীন কাদের চৌধুরী ও আলী আহসান মোহাম্মদ মুজাহিদের ফাঁসির পর পাকিস্তানের প্রতিক্রিয়ার তীব্র নিন্দা জানানো হয়।