ঢাকার পাকিস্তান দূতাবাস এখন ষড়যন্ত্রের আখড়া ও নব্য কাশিমবাজার কুঠিতে পরিণত হয়েছে বলে মন্তব্য করেছেন নৌ-পরিবহনমন্ত্রী শাজাহান খান।
শুক্রবার রাজধানীর রিপোর্টার্স ইউনিটিতে যুদ্ধাপরাধী ১৯৫ পাকিস্তানি সেনার প্রতীকী বিচারে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ নামে একটি সংগঠনের আত্মপ্রকাশ অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।
মন্ত্রী বলেন, পাকিস্তানিরা এখনো বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত— একাত্তরে যুদ্ধাপরাধী ১৯৫ পাকিস্তানি সেনার বিচারের পাশাপাশি বেশ কয়েকটি দাবি নিয়ে সংগঠনটি আত্মপ্রকাশ করে।
শাজাহান খান বলেন, ১৯৭১ এ পরাজয়ের গ্লানি পাকিস্তানিরা এখনো ভূলতে পারেনি। তারা এখনো বাঙালি জাতিকে ধ্বংসের ষড়যন্ত্রে লিপ্ত বলে অভিযোগ করেন তিনি।
তিনি আরো বলেন, পাকিস্তানের কাছে বাংলাদেশের পাওনা আদায়ে আন্তর্জাতিকভাবে চাপ সৃষ্টির এবং পাকিস্তানি যারা যুদ্ধাপরাধের সঙ্গে সম্পৃক্ত ছিল তাদের পাকিস্তানে দ্রুত পাকিস্তানে ফেরত পাঠানো ও পাকিস্তান দূতাবাসের ষড়যন্ত্রকারি কর্মকর্তাদের অবাঞ্ছিত ঘোষণার দাবি জানান।
সংবাদ সম্মেলনে আগামী ২৬ মার্চ সোহরাওয়ার্দী উদ্যানে ১৯৫ যুদ্ধাপরাধী পাকিস্তানি সেনার প্রতীকী বিচারের পাশাপাশি বেশ কিছু কর্মসুচীর ঘোষণা দেয়া হয়। এজন্য ভিন্ন শ্রেনি-প্রশার ৫০১ জনকে নিয়ে ‘আন্তর্জাতিক যুদ্ধাপরাধ গণবিচার’ এর একটি আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে।