পৌর নির্বাচনে বিদ্রোহী প্রার্থীদের মদদ দিয়ে যারা আচরণবিধি লঙ্ঘন বা লঙ্ঘনের চেষ্টা করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে জানিয়েছেন আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য ও সড়ক পরিবহন মন্ত্রী ওবায়দুল কাদের।
তিনি বলেন, এ কাজে কোনো এমপি-মন্ত্রীর সংশ্লিষ্টতার প্রমাণ মিললে জাতীয় নির্বাচনে তার মনোনয়ন অনিশ্চিত হয়ে পড়বে।
বৃহস্পতিবার সকালে জাতীয় প্রেসক্লাবে ‘মুক্তিযোদ্ধা বিসিএস অফিসার্স কল্যাণ সমিতির’ আয়োজিত আলোচনা সভায় তিনি এ কথা বলেন।
নির্বাচন নিয়ে বিদেশিদের কাছে অভিযোগ জানানোই প্রমাণ করে দলটি রাজনৈতিকভাবে কতটুকু দেউলিয়া হয়ে পড়েছে বলেও মন্তব্য করেন মন্ত্রী।
নির্বাচনকে কেন্দ্র করে দলীয় নেতা বা এমপি-মন্ত্রী বিদ্রোহী প্রার্থীদের নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনে মদদ দিলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে বলে সতর্ক করে দেন ওবায়দুল কাদের।
আলোচনায় মুক্তিযুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও আওয়ামী লীগের ভূমিকা তুলে ধরে আওয়ামী লীগের এ নেতা বলেন, একজন মুক্তিযোদ্ধার স্ত্রী হয়ে বিএনপি চেয়ারপারসন মুক্তিযুদ্ধে বীর শহীদদের নিয়ে যে বিরূপ মন্তব্য করেছেন, তাতে জিয়া পরিবারের আদর্শই পুনর্ব্যক্ত হয়েছে।
এর আগে, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমানের এরূপ মন্তব্যেরও কঠোর সমালোচনা করেন ওবায়দুল কাদের।