জ্বালাও পোড়াও আর নাশকতার কারণে দেশের মানুষ পৌর-নির্বাচনেও বিএনপিকে ভোট দেবে না- এ মন্তব্য করেছেন আওয়ামী লীগ নেতারা।
রোববার পৌর নির্বাচন ও চলমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার বক্তব্যের প্রতিক্রিয়া জানাতে রাজধানীর ধানমণ্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে আওয়ামী লীগ যুগ্ম সম্পাদক মাহবুবউল আলম হানিফ এ মন্তব্য করেন।
এ সময় তিনি বলেন, বিএনপিকে আর কখনোই ক্ষমতায় দেখতে চায় না জনগণ।
পৌর-নির্বাচনে বিএনপি ৮০ ভাগ ভোট পাবে বিএনপি নেত্রীর এমন তথ্যের সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, পাকিস্তানি গোয়েন্দার তথ্যের ভিত্তিতে ভোট পাবে না বিএনপি।
রাজধানীতে ভিন্ন ভিন্ন অনুষ্ঠানে নেতারা আরো বলেন, নির্বাচনকে ভণ্ডুল করতেই ষড়যন্ত্র করছে বিএনপি।
গণমাধ্যমের স্বাধীনতায় দুর্যোগ নেমে এসেছে বিএনপি নেত্রীর এমন মন্তব্যের সমালোচনা করেন আওয়ামী লীগের নেতা হানিফ।
পৌর নির্বাচনেও জনগণ বিএনপিকে প্রত্যাখ্যান করবে বলে মন্তব্য করেন এ আওয়ামী লী নেতা।
পৌর নির্বাচন ও নির্বাচন ব্যবস্থাকে প্রশ্নবিদ্ধ করতেই বিএনপি নেতারা প্রতিনিয়ত বিতর্কিত মন্তব্য করছে বলেও অভিযোগ তার।
এদিকে, পৌর নির্বাচনের সুষ্ঠু পরিবেশকে নষ্টে বিএনপি নতুন ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করেন কামরুল ইসলাম ও হাছান মাহমুদ।
সকালে জাতীয় প্রেসক্লাবে এক আলোচনায় এ কথা বলেন তারা।
তারা বলেন, মসজিদ হামলাসহ সারাদেশে জঙ্গি কর্মকাণ্ডের প্রধান পৃষ্ঠপোষকের দায়িত্ব পালন করছেন বিএনপি নেত্রী খালেদা জিয়া।
কামরুল ইসলাম বলেন, বুদ্ধিজীবী ও মুক্তিযুদ্ধে শহীদদের নিয়ে বিএনপির বিতর্কিত মন্তব্য নির্বাচনের পরিবেশ নষ্ট করছে।
সকল জঙ্গি তৎপরতার বিরুদ্ধে রুখে দাঁড়াতে দলের নেতা-কর্মীসহ সকলের প্রতি আহ্বান জানান আওয়ামী লীগ নেতারা।