পৌর নির্বাচনে ভোটাররা খুশি মতো ভোট দিতে পারলে ও রেজাল্ট শিট পরিবর্তন করা না হলে নির্বাচনের ফলকে বিএনপি স্বাগত জানাবে—বলে জানিয়েছেন দলটির স্থায়ী কমিটির সদস্য মঈন খান।
মঙ্গলবার বিকেলে নির্বাচন কমিশন সচিবালয়ে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীনের সঙ্গে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।
সুষ্ঠু নির্বাচন হলে কমিশনেরই লাভ হবে কারণ তাদের (ইসি) বিরুদ্ধে যে আস্থাহীনতা রয়েছে তা তারা দূর হবে— উল্লেখ করে মঈন খান বলেন, ভোটের আগের অবস্থা যে সহনশীল আছে তা নয়। লক্ষ্মীপুরের রায়পুর পৌরসভায় বিএনপির প্রার্থীকে নির্বাচন থেকে সরে যাওয়ার হুমকি দেয়া হচ্ছে। সিইসিকে এ ব্যাপারটি দেখার অনুরোধ করা হয়েছে। এ ধরনের আরো উদাহরণ আছে।
তিনি আরো বলেন, শুধু গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশ হয়েছে তার হিসাব ধরলে দেখা যাবে, আওয়ামী লীগের কোন্দল বাদে ৯০% হামলাই ছিল বিএনপি ও এর সমর্থকদের ওপর।
সিইসির সঙ্গে বৈঠকে মঈন খানের নেতৃত্বে বিএনপির প্রতিনিধি দলে অন্যান্যের মধ্যে মাহবুব উদ্দিন খোকন, যুবদল সভাপতি মোয়াজ্জেম হোসেন আলাল ও বিএনপির মুখপাত্র আসাদুজ্জামান রিপন ছিলেন।