পৌরসভা নির্বাচনে আওয়ামী লীগ সমর্থকরা কেন্দ্র দখল করে নৌকায় সিল মারার মহোৎসব চালাচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ।
বুধবার সকালে নয়াপল্টনে দলের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ অভিযোগ তোলেন।
রিজভী বলেন, আওয়ামী লীগের বিএনপি এজেন্টেদের বের করে ভোট শুরুর আগে থেকেই জাল ভোট দিয়ে ব্যালট বাক্স ভরে ফেলছে।
তিনি আরো বলেন, আগের থেকেই কেন্দ্র দখল, প্রকাশ্যে সিল মারা ও বিএনপি এজেন্টদের কেন্দ্র থেকে বের করে দেয়ার আশঙ্কা আজ বাস্তবে রুপ নিয়েছে।
২২টা জেলায় প্রকাশ্যে জাল ভোট চলছে দাবি করে তিনি বলেন, ঝালকাঠি, ভোলা, বরগুনা, গাজীপুরের শ্রীপুর, নড়াইলের কালিয়া, ফেনী, নাটোর, জামালপুর, মৌলভীবাজার, নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, বরগুনা, ভোলা, চট্টগ্রামের বিভিন্ন পৌরসভায় ক্ষমতাশীনরা প্রকাশ্যে নৌকায় সিল মারছে। এসব কেন্দ্রে বিএনপির এজেন্টদের বের করে দেয়া হচ্ছে।