পৌর নির্বাচনকে ট্র্যাজেডি হিসেবে আখ্যা দিয়েছে বিএনপি ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, এ নির্বাচনে সুষ্ঠু ও স্বাভাবিকতার লেশ মাত্র নেই।
বুধবার বিকেলে রাজধানীর নয়াপল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে পৌর নির্বাচনের ভোটগ্রহণ শেষ হওয়ার পরপরই সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
বিএনপির 'উৎসব তো দূরের কথা জাল ভোট, অনিয়ম, কেন্দ্র দখল, জোর করে সিল মারা, হামলা, মারামারিতে পুরো নির্বাচন একটা ট্র্যাজেডিতে পরিণত হয়েছে। সাতকানিয়া যুবদলের একজন কর্মীকে হত্যা করা হয়েছে।
সারাদিন কেন্দ্র দখল করে সিল মারার উৎসব হয়েছে—এ দাবি করে তিনি বলেন, 'নির্বাচন কমিশনের অযোগ্যতা ও সরকারের প্রতি নির্বাচন কমিশনের আনুগত্য নির্বাচন ব্যবস্থাকে আরেকবার ধ্বংস করল।
তিনি আরো বলেন, ব্যালেট বক্স ছিনতাই, কেন্দ্র দখল, সহিংসতা ভরপুর ছিল দিনভর। সরকারি দল বেশিরভাগ পৌরসভার কেন্দ্র দখল করে ভোট দেয়ার মহোৎসব করেছে।
মির্জা ফখরুল বলেন, 'আমরা অত্যন্ত আশঙ্কার সঙ্গে আরেকবার প্রত্যক্ষ করলাম রাষ্ট্রের সবগুলো যন্ত্র ব্যবহার হয়েছে প্রহসনের নির্বাচন করার জন্য। আমরা গণতন্ত্র বিশ্বাস করি বলেই সরকারের চক্রান্তের পরও আন্দোলনের অংশ হিসেবে নির্বাচনে অংশ নিয়েছি।'