পৌরসভা নির্বাচন প্রত্যাখ্যান এবং নির্বাচন কমিশনের (ইসি) পদত্যাগের দাবি জানাতে পারে বিএনপি—বুধবার রাতে দলের জ্যেষ্ঠ নেতাদের সঙ্গে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার এক বৈঠকে এ সিদ্ধান্ত হয়েছে।
বৈঠকের এ সিদ্ধান্তের কথা আগামীকাল-বৃহস্পতিবার সকাল ১১টায় সংবাদ সম্মেলন করে জানানো হবে।
রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে এ বৈঠক হয়। বৈঠকে খালেদা জিয়া সভাপতিত্ব করেছেন।
সূত্র জানায়, বৈঠকে আজ অনুষ্ঠিত পৌরসভা নির্বাচনকে চরম ‘দখলদারি’ ও ‘কারচুপির’ বলে উল্লেখ করা হয়। এ সময় নেতারা সরকার, প্রশাসন, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও নির্বাচন কমিশনের ভূমিকার কঠোর সমালোচনা করেন।
জানতে চাইলে স্থায়ী কমিটির সদস্য মাহবুবুর রহমান সাংবাদিকদের বলেন, এ ধরনের পরিস্থিতি সৃষ্টি করা হবে তা আমরা আগেই জানতাম—এ নির্বাচন প্রত্যাখ্যান করা হবে কিছু কর্মসূচি দেয়া হবে।
বৈঠকে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য মওদুদ আহমদ, আ স ম হান্নান শাহ, আবদুল মঈন খান ও গয়েশ্বর চন্দ্র রায়, ভাইস-চেয়ারম্যান শাহ মোয়াজ্জেম হোসেন, আবদুল্লাহ আল নোমান, হাফিজ উদ্দিন আহমেদ, আলতাফ হোসেন চৌধুরী ও চৌধুরী কামাল ইবনে ইউসুফ, চেয়ারপারসনের উপদেষ্টা আমির খসরু মাহমুদ চৌধুরী, খন্দকার মাহবুব হোসেন, সাবিহ উদ্দিন আহমেদ, আবদুল হালিম, জয়নাল আবেদীন, আবদুল কাইয়ুম, এ জেড এম জাহিদ হোসেন, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, কেন্দ্রীয় নেতা মোয়াজ্জেম হোসেন আলাল প্রমুখ।