পৌরসভা নির্বাচনের ফলাফল প্রত্যাখ্যান করেছে বিএনপি জানিয়েছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
প্রহসনের নির্বাচনে সরকারের নীল নকশা বাস্তবায়নে অংশীদার হিসেবে দায়িত্ব পালন করেছে নির্বাচন কমিশন (ইসি) বলে অভিযোগ করেন তিনি।
বৃহস্পতিবার সকালে রাজধানীর গুলশান কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
এ সময় মির্জা ফখরুল প্রধান নির্বাচন কমিশনার -সিইসির পদত্যাগ দাবি করেন। তিনি বলেন, স্বাধীন সাংবিধানিক প্রতিষ্ঠান হিসেবে দায়িত্ব পালনে ব্যর্থ হয়েছেন সিইসি।
বর্তমান সরকার অবৈধ— মন্তব্য করে তিনি আরো বলেন, এ সরকারের কোনো বৈধতা নেই, বিরোধীদলের ওপর সীমাহীন নির্যাতন চালানো হচ্ছে। দেশকে একদলীয় শাসনের দিকে নিয়ে যাওয়া হচ্ছে।
ফখরুল বলেন, নির্বাচনের ইতিহাসে এটি আরো একটি কলঙ্কজনক নির্বাচন হিসেবে চিহ্নিত হয়ে থাকবে।
এ নির্বাচনে অংশ নেয়া সঠিক সিদ্ধান্ত ছিল এবং তা রাজনৈতিকভাবে এক ধাপ এগিয়ে যেতে সহায়ক হবে বলেও মন্তব্য করেন বিএনপির এ নেতা।