বিএনপি পৌরসভা নির্বাচনে অংশ নিয়ে প্রমাণ করেছে বর্তমান সরকার বৈধ—এ মন্তব্য করেছেন আওয়ামী লীগরের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
বৃহস্পতিবার আওয়ামী লীগের সভানেত্রীর ধানমন্ডি কার্যালয়ে পৌর নির্বাচন নিয়ে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
সংবাদ সম্মেলনে পৌর নির্বাচনের ফলাফল মেনে নিতে বিএনপির প্রতি অনুরোধ করেন হানিফ।
তিনি বলেন ‘তারা (বিএনপি) ইতিমধ্যেই ফলাফল প্রত্যাখ্যানের মাধ্যমে জনগণের রায় প্রত্যাখ্যান করেছে এবং ভোটার ও জনগণকে অপমান করার সিদ্ধান্ত নিয়েছে, আমরা অনুরোধ করব এ সিদ্ধান্ত থেকে সরে আসুন ফল মেনে নিন।
হানিফ বলেন, এ রাজনৈতিক দলটি (বিএনপি) সরকারকে মানে না— নির্বচন কমিশনকে মানে না আর কমিশনের অধীনে পৌরসভা নির্বাচন করতে বাধ্য হয়েছে এটাই আওয়ামী লীগের বড় অর্জন।
ভোটকেন্দ্রে বিএনপি প্রার্থীর এজেন্ট না থাকা প্রসঙ্গে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে হানিফ বলেন, বিএনপি একটি মাজাভাঙা রাজনৈতিক দল, মেরুদণ্ড ভাঙা দল, সন্ত্রাসী কর্মকাণ্ডের কারণে জনবিচ্ছিন্ন হয়ে গেছে। নিয়মতান্ত্রিক রাজনীতি করার মতো সাংগঠনিক শক্তিও নেই। এ জন্য বিভিন্ন স্থানে তারা এজেন্ট দিতে পারে নাই। এর দায়ভার তো আওয়ামী লীগের না।