গণতন্ত্র বা স্বৈরশাসন নয়— দেশে এখন রাজতন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া।
শুক্রবার বিকেলে রাজধানীর ইঞ্জিনিয়ার্স ইনিস্টিটিউশন মিলনায়তনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশে তিনি এ কথা বলেন।
খালেদা জিয়া বলেন, দেশে এখন গণতন্ত্র নেই— এমনকি স্বৈরশাসনও নেই। দেশে এখন রাজতন্ত্র কায়েম হয়েছে। এক ব্যক্তির ইচ্ছায় দেশ চলছে। এখানে কোনোকিছু করতে হলে তাকে সালামি দিতে হয়।
পৌরভোট প্রত্যাখানে করে খালেদা জিয়া বলেন, এ পৌরসভা নির্বাচন সুষ্ঠু হয়নি। আওয়ামী লীগের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়। পৌর নির্বাচনই তার প্রমাণ।
তিনি আরো বলেন, কোনো সরকারই স্থায়ীভাবে ক্ষমতায় থাকার কোনো সুযোগ নেই। এ সরকারও ক্ষমতায় চিরদিন থাকতে পারবে না। খুব শিগগিরই দেশে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচনের মাধ্যমে এ সরকারের বিদায় হবে।
এদিকে, ছাত্রদলের এ সমাবেশকে কেন্দ্র করে রমনা এলাকায় বিপুল সংখ্যক আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়।