রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে না হলেও নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনের সমাবেশের অনুমতি চেয়ে ঢাকা মহানগর পুলিশকে (ডিএমপির) চিঠি দেয়া হয়েছে—জানিয়েছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
রোববার বিকেলে কেন্দ্রীয় কার্যালয়ের এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন তিনি।
রিজভী বলেন, এবার দেখব আপনারা (সরকার) কতোটুক শান্তির পক্ষে, আপনারা কতটুকু স্বস্তি, কতটুক গণতন্ত্রের পক্ষে নোংরামী করে অপরাজনীতি দিয়ে নিজেদের চেহারা ঢাকা যাবে না।
আগামী ৫ জানুয়ারিকে কেন্দ্র করে আওয়ামী লীগের হঠাৎ করে কর্মসূচি ঘোষণাকে ষড়যন্ত্রমূলক ও সাংঘর্ষিক বলে মনে করছে বিএনপি বলে জানান তিনি।
দলটির অভিযোগ তাদের কর্মসূচি বানচাল করতেই আওয়ামী লীগের পাল্টা এ কর্মসূচি—বিএনপি নেতারা জানিয়েছেন, সোহরাওয়ার্দী উদ্যানেই সমাবেশ করার ওপর জোর দিচ্ছেন এবং যাবতীয় প্রস্তুতিও সেরে নিচ্ছেন। তবে শেষ পর্যন্ত অনুমতি না পেলে ওইদিন নয়াপল্টনের কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করতে চায় বিএনপি। এ ব্যাপারে একটি চিঠিও ডিএমপিকে পাঠানো হয়েছে বলে জানান রিজভী।
৫ জানুয়ারি দশম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠানের দিনটিকে "গণতন্ত্র হত্যা দিবস" হিসেবে পালন করে বিএনপি।
বিগত বছরের শুরুতেই এদিনকে কেন্দ্র করে উত্তপ্ত হয়ে ওঠে রাজনীতির মাঠ। গুলশান কার্যালয়ে বিএনপি চেয়ারপারসন কার্যত অবরুদ্ধ হওয়া এবং টানা ৩ মাসের হরতাল-অবরোধে জ্বালাও-পোড়াও, প্রাণহানিসহ অর্থনৈতিক দিক দিয়ে বড় ধরনের মাশুল গুণতে হয় দেশকে। এবছর ২য় বর্ষপূর্তিতে সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করতে চাইছে বিএনপি। আর একই দিন ৫ জানুয়ারি সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশের করতে ঢাকা মহানগর পুলিশের কাছে অনুমতি চেয়েছে আওয়ামী লীগও।
সবকিছু বিবেচনায় বিকল্প ব্যবস্থার কথা ভেবে রেখেছে বিএনপি বলে জানান আসম হান্নান শাহ।
তবে, বিকল্প ব্যবস্থা যাই হোক না কেন বিএনপি যে এবার গতবছরের মতো সাংঘর্ষিক কর্মসূচির দিকে যাচ্ছে না সে বিষয়টি স্পষ্ট করেছেন দলটির নেতারা।
এর আগে বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর ৫ জানুয়ারিকে ‘গণতন্ত্র হত্যা দিবস’ আখ্যায়িত করে ওইদিন সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার ঘোষণা দেয়ার পর ক্ষমতাসীন আওয়ামী লীগের পক্ষ থেকেও একই স্থানে কর্মসূচির ঘোষণা আসে।
সরকারের দ্বিতীয় বর্ষপূর্তিকে ‘গণতন্ত্রের বিজয় দিবস’ হিসেবে উদযাপনের জন্য ওইদিন সোহরাওয়ার্দী ছাড়াও ঢাকার ১৭টি স্থানে একযোগে সমাবেশ করার ঘোষণা রয়েছে আওয়ামী লীগের।