সোহরাওয়ার্দী উদ্যানে ঢাকা মহানগর পুলিশের সমাবেশের অনুমতি না পাওযা গেলে বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ের সামনে সমাবেশ হবে জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব উল আলম হানিফ।
রোববার ধানমন্ডিতে দলীয় সভানেত্রীর কার্যালয়ে সংবাদ সম্মেলন এ কথা বলেন তিনি।
হানিফ জানান, ২০১৯ সালে পরবর্তী সংসদ নির্বাচন হওয়ার আগ পর্যন্ত এ দিনটিকে গণতন্ত্রের বিজয় দিবস হিসেবে পালন করা হবে— বিএনপি গতবারের মতো নাশকতার সুযোগ পাবে না।
আগামী ৫ জানুয়ারি আওয়ামী লীগের কর্মসূচি সফল করতে ও ঢাকা মহানগর পুলিশের অনুমতি প্রসঙ্গে এ কথা বলেন তিনি।
হানিফ বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে সমাবেশ করার জন্য আমরা ৩১ ডিসেম্বর পুলিশের কাছ আবেদন করেছিলাম— কিন্তু পুলিশের পক্ষে থেকে এখনো কিছু জানায়নি। আমরা জানতে পেরেছি পুলিশ সোহরাওয়ার্দী উদ্যানে কাউকে সমাবেশ করতে দেবে না। তাই কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সমাবেশ করা হবে। এর বাইরে রাজধানীর ১৮টি স্থানে আওয়ামী লীগের কেন্দ্রীয় নেতাদের নেতৃত্বে আনন্দ র্যা লি ও সমাবেশ হবে।
তিনি আরো বলেন, ‘২০১৪ সালের ৫ জানুয়ারির নির্বাচনের মাধ্যমে গণতন্ত্রের বিজয় হয়েছে। এটা আমাদের বিজয় দিবস। আমরা গতবারও এটা পালন করেছি, আগামী বছরও করব।
হানিফ বলেন, বিএনপির কর্মসূচি নিয়ে আওয়ামী লীগ চিন্তিত নয়— তবে নাশকতা হলে সমুচিত জবাব দেবে জনগণ।
৫ জানুয়ারি রাজধানীর পাশাপাশি দেশের সব জেলা-উপজেলায় আওয়ামী লীগ আনন্দ র্যা লি করবে বলে জানানো হয় সংবাদ সম্মেলনে।