মুক্তিযুদ্ধের সময় মানবতাবিরোধী অপরাধে মৃত্যুদণ্ডপ্রাপ্ত আলবদর প্রধান মতিউর রহমান নিজামীর মৃত্যুদণ্ডাদেশ বহাল রাখার প্রতিবাদে বৃহস্পতিবার দেশব্যাপী সকাল-সন্ধ্যা হরতালের ডাক দিয়েছে জামাত।
বুধবার সকালে দলের ভারপ্রাপ্ত আমির মকবুল আহমাদ গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে এ ঘোষণা দেন।
বিবৃতিতে বলা হয়, মাওলানা নিজামীকে ঠাণ্ডা মাথায় সরকারের নির্ধারিত ছকে হত্যা করে সরকার পরিকল্পিতভাবে দেশকে এক ভয়াবহ সংঘাতের দিকে ঠেলে দিতে চায়। সরকারের জুলুম-নির্যাতন ও মাওলানা নিজামীকে পরিকল্পিতভাবে হত্যার ষড়যন্ত্রের প্রতিবাদে আমরা আগামীকাল বৃহস্পতিবার সারাদেশে সকাল-সন্ধ্যা শান্তিপুর্ণ হরতাল কর্মসূচি ঘোষণা করা হল।
আরো বলা হয়, ঘোষিত কর্মসূচি সম্পূর্ণ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য জামাতে ইসলামীর সকল শাখা এবং কৃষক, শ্রমিক, ছাত্র, শিক্ষক, বুদ্ধিজীবী, সুশীলসমাজ ও পেশাজীবীসহ সকল শ্রেণি-পেশার মানুষ তথা দেশের আপামর জনতার প্রতি উদাত্ত আহ্বান জানানো হচ্ছে।
এ্যাম্বুলেন্স, লাশবাহী গাড়ি, হাসপাতাল, ঔষধের দোকান, ফায়ার সার্ভিস ও সংবাদপত্রের গাড়ি হরতালের আওতামুক্ত থাকবে বলেও বিবৃতিতে উল্লেখ করা হয়।