বিএনপির জনপ্রিয়তা ও ক্ষমতার পালাবদলের ভয়ে সংলাপে বসতে চায় না আওয়ামী লীগ বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রহুল কবির রিজভী। বুধবার রাজধানীর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন।
সরকারের একমাত্র ইচ্ছা জোর করে ক্ষমতায় থাকার—উল্লেখ করে রিজভী বলেন, কারো কোনো গণতান্ত্রিক অধিকার এ সরকার দেবে না।
যদি এই সরকার কাউকে গণতান্ত্রিক অধিকার দেয়, তাহলে তারা ক্ষমতায় থাকতে পারবে না, ক্ষমতার পালাবদল ঘটবে। এ কারণে আওয়ামী লীগ এ ধরণের কথা বলছেন।
গতকাল (মঙ্গলবার) ৫ জানুয়ারি দশম সংসদ নির্বাচনের দ্বিতীয় বর্ষপূর্তিতে রাজধানীতে পাল্টাপাল্টি সমাবেশ করে আওয়ামী লীগ ও বিএনপি। এ সময় দেশে রাজনৈতিক সঙ্কট বিরাজ করছে দাবি করে তা থেকে উত্তরণে সংলাপের আহ্বান জানিয়েছিলেন খালেদা জিয়া।
এরই প্রেক্ষিতে সকালে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহাবুব-উল আলম হানিফ বলেন, বিএনপির সঙ্গে সংলাপ চায় না দেশের মানুষ। আর তার এই মন্তব্যের জবাবে রিজভী এ সংবাদ সম্মেলন করেন।