গত ৫ জানুয়ারি ঢাকায় বিএনপির সমাবেশে জনতার ঢল দেখে সরকার ভীত হয়ে তারেক রহমানের বিরুদ্ধে দুদককে লেলিয়ে দিয়েছে বলে মন্তব্য করেছেন দলের যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।
শুক্রবার দুপুরে বগুড়ায় জেলা বিএনপির কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
রিজভী বলেন, দুদক সরকারের আজ্ঞাবহ প্রতিষ্ঠানে পরিণত হয়েছে— সরকারি দলের মন্ত্রী-এমপি ও নেতারা দুর্নীতি করলেও দুদক তাদের ভালো মানুষের সনদ দিচ্ছে।
এ সময় তিনি অভিযোগ করেন, দুদকের এই নির্লজ্জ উদারতায় হল-মার্ক কেলেঙ্কারির সঙ্গে জড়িত, পদ্মা সেতু কেলেঙ্কারির সঙ্গে জড়িত সরকারের মন্ত্রী, রাঘববোয়ালেরা পার পেয়ে গেছেন। সরকারি দলের সাড়ে ৭ হাজার দুর্নীতিবাজ নেতার অপকর্ম ধুয়েমুছে ছাপ করে দিয়েছে এই মেরুদণ্ডহীন দুমুখো দুদক।
হুঁশিয়ার হয়ে যান, সাবধান হয়ে যান, অনেক তামাশা করেছেন, অনেক ইয়ার্কি করেছেন আর কোনো তামাশা করবেন না—এমন হুঁশিয়ারি দিয়েছেন বিএনপির এ নেতা।