বিএনপির আন্দোলনের হুমকি আওয়ামী লীগের জন্য দুর্ভাবনা নয়—তাদের আন্দোলনের শক্তি, সাহস, সামর্থ্য কোনোটাই নেই জানিয়েছেন আওয়ামী লীগ নেতারা।
নেতারা বলেন, সাম্প্রদায়িক উগ্রবাদি শক্তি নির্মূলই এখন সরকারের একমাত্র চ্যালেঞ্জ।
শনিবার সকালে রাজধানীর দলীয় কার্যালয়ে দলটির জরুরি বর্ধিত সভায় এ কথা বলেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের।
সামর্থ্য হারালেও বিএনপি সরকারের বিরুদ্ধে এখনো ষড়যন্ত্র অব্যাহত রেখেছে বলেও এসময় অভিযোগ করেন তিনি।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে রাজধানীতে আয়োজিত জনসভা সফল করতে ঢাকা সিটি করপোরেশন ও মহানগর নেতা-কর্মীদের সঙ্গে সভা করে আওয়ামী লীগ।
সভায় ১১ জানুয়ারির জনসভাকে সফল করতে সকলের সহযোগিতা কামনা করেন আওয়ামী লীগের উপদেষ্টা ও সড়ক পরিবহন সেতু মন্ত্রী ওবায়দুল কাদের।
এসময় বিএনপির আন্দোলনের হুমকির সমালোচনা করে মন্ত্রী আরো বলেন, বিএনপি নয় সাম্প্রদায়িক উগ্রবাদি শক্তি নির্মূলই সরকারের লক্ষ্য।
যেসব বুদ্ধিজীবী মুক্তিযুদ্ধের ইতিহাস নিয়ে বিএনপির পক্ষে এখনও কথা বলছে তাদের রাজাকারদের কাতারে শামিলের পক্ষে মত দেন দলটির যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ।
রাজনীতির নামে দেশে অরাজক পরিস্থিতি সৃষ্টির জবাব জনগণ পৌর-নির্বাচনের মাধ্যমে দিয়েছে বলেও মন্তব্য করেন আওয়ামী লীগের এ নেতা।
এদিকে, রাজধানীতে আরেক আলোচনায় সরকারের সমালোচনা না করে বিএনপিকে আত্মসমালোচনা পরামর্শ দেন দলটির আরেক নেতা হাছান মাহমুদ।