বিএনপি যদি অবৈধ দল হয় তাহলে আওয়ামী লীগও অবৈধ দল— এ মন্তব্য করেছেন দলের ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।
বুধবার রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন তিনি এ কথা বলেন।
সরকারের দুই বছর পূর্তিতে জাতির উদ্দেশ্য দেয়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণের প্রতিক্রিয়া জানাতে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।
সংবাদ সম্মেলনে জিয়াউর রহমান অবৈধ প্রেসিডেন্ট ছিলেন এবং বিএনপি অবৈধ দল' সোহরাওয়ার্দী উদ্যানে প্রধানমন্ত্রীর এ বক্তব্য প্রসঙ্গে সাংবাদিকদের ফখরুল বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিএনপিকে অবৈধ বলেছেন এগুলো অপ্রাসঙ্কিক কথাবার্তা।
এসব বলে জনগণের দৃষ্টি ভিন্ন দিকে প্রবাহিত করার চেষ্টা করা হয়েছে—এ কথা উল্লেখ করে তিনি বলেন বিএনপি যদি অবৈধ দল হয় তাহলে আওয়ামী লীগও অবৈধ দল।
তিনি বলেন, চলমান রাজনৈতিক সংকট নিরসনে দিকনির্দেশনামূলক বক্তব্য আশা করেছিল জনগণ—কিন্তু দুর্ভাগ্যজনকভাবে তিনি রুটিনমাফিক বক্তব্য দিয়েছেন।
প্রধানমন্ত্রীর ভাষণে জাতি হতাশ হয়েছে এ মন্তব্য করে ফখরুল আরো বলেন, জাতি এক নিদারুণ সঙ্কট কাল অতিক্রম করছে— জনগণ আশা করেছিল প্রধানমন্ত্রীর বক্তব্যে সেই সঙ্কট উত্তরণে সুনির্দিষ্ট দিক নির্দেশনা থাকবে কিন্তু সেটি হয়নি।
সংবাদ সম্মেলনে অন্যদের মধ্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, নজরুল ইসলাম খান, যুগ্ম মহাসচিব মো. শাহজাহান, সহ-প্রচার সম্পাদক ইসরান সালেহ প্রিন্স, সহ-দফতর সম্পাদক শামীমুর রহমান শামীম, আসাদুল করিম শাহীন প্রমুখ উপস্থিত ছিলেন।
এছাড়া, রাজনৈতিক সংকট নিরসনে আবারো নির্দলীয় সরকারের অধীনে জাতীয় নির্বাচন দাবি করেছে বিএনপি।
তিনি আর বলেন, যে নির্বাচনের মাধ্যমে আওয়ামী লীগ ক্ষমতায় আছে তা দেশে বিদেশে বৈধতা পায়নি।
মির্জা ফখরুলগ করেন, দু'বছরে জনকল্যাণের পরিবর্তে সরকার প্রকারান্তরে বিরোধী রাজনৈতিক দলের নেতা-কর্মীদের দমনেই ব্যস্ত সময় পার করেছে.ব্যর্থ হয়েছে আইন-শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে।
অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন দলের জ্যেষ্ঠ নেতা, স্থায়ী কমিটির সদস্য আব্দুল মইন খান। তার অভিযোগ উন্নয়নের আড়ালে চলছে দুর্নীতির মহোৎসব।
এভাবে চললে দেশ অচিরেই ভঙ্গুর অর্থনীতির দেশে পরিণত হবে বলে মনে করেন তারা।
নিরপেক্ষ সরকারের অধীনে জাতীয় নির্বাচনের মাধ্যমে গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠাই সংকট সমাধানের একমাত্র পথ বলে আওয়ামী লীগ সরকারকে আবারো স্মরণ করিয়ে দেন বিএনপি নেতারা।